ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

ভালো নির্বাচনের কোনো সম্ভাবনা চোখে পড়েনি: জি এম কাদের

ভালো নির্বাচনের কোনো সম্ভাবনা চোখে পড়েনি: জি এম কাদের
×

রংপুর নগরীর সেনপাড়ার স্কাইভিউ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জি এম কাদের। ছবি-সমকাল

রংপুর অফিস

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫ | ০৪:৩৬

ভালো নির্বাচনের কোনো সম্ভাবনা এখন পর্যন্ত চোখে পড়েনি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, দেশের মানুষ একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছে। কিন্তু আমরা অতীতে অনেক খারাপ নির্বাচন দেখেছি। তাই আমার বিশ্বাস হয়, এর চেয়েও খারাপ অথবা অতীতের সমকক্ষ হবে এবারের নির্বাচন।

গতকাল রোববার রাতে রংপুর নগরীর সেনপাড়ার স্কাইভিউ বাসভবনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য করা হচ্ছে। অথচ একমাত্র জাতীয় পার্টি জুলাই আন্দোলনের শুরু থেকেই ছাত্রদের পক্ষে রাজপথে ছিল। তার পরও দলের অনেকের নামে জুলাই আন্দোলনে হামলার মামলা দেওয়া হয়েছে। বর্তমানে জাতীয় পার্টির তিনজন সংসদ সদস্য প্রার্থী জেলে আছেন। তাদের জামিন হলেও পুনরায় শ্যোন অ্যারেস্ট দেখিয়ে জেলে পাঠানো হচ্ছে।

এ নিয়ে নির্বাচন অফিসে যোগাযোগ করেও সুরাহা পাননি বলে উল্লেখ করে তিনি বলেন, একাধিকবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে যোগাযোগ করেও সাক্ষাতের সময় পাচ্ছি না। অনেক দলকে বারবার সময় দিলেও আমাদের দেওয়া হচ্ছে না।

জাপা চেয়ারম্যান বলেন, এবারের নির্বাচনে মনোনয়ন ফরম অত্যন্ত জটিল করা হয়েছে। নতুন নতুন প্রার্থী এই ফরম পূরণে ভুল করবেন। নির্বাচন থেকে জাতীয় পার্টিসহ অনেককে বিরত রাখতে পরিকল্পনা করে এই জটিল ফরম করা হয়েছে। বেআইনিভাবে আমাদের নির্বাচন থেকে দূরে রাখতে আইনিভাবে অযোগ্য ঘোষণা করা হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করছি।

নির্বাচন নিয়ে দৃঢ় অবস্থানের কথা জানিয়ে জি এম কাদের বলেন, শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকার চেষ্টা করব। কিন্তু দুঃখজনকভাবে আমাদের সঙ্গে নির্বাচন কমিশন কোনো আলোচনাই করছে না।

এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসীর, আজমল হোসেন লেবু, জেলা সদস্য সচিব আব্দুর রাজ্জাক, নাজিম উদ্দিন, লোকমান হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিন দিনের সফরে রংপুরে এসে গতকাল জি এম কাদের বাবা-মা ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেন।

আরও পড়ুন

×