গোপালগঞ্জে বাসের চাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫ | ১২:৫৮
গোপালগঞ্জে বাসের চাপায় পুলিশ মো. রবিউল ইসলাম (৩৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার ভাঙ্গাপোল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
রবিউল ইসলাম নড়াইল সদর থানায় কনষ্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি মুকসুদপুর উপজেলার নওহাটা গ্রামের হিরু মিয়ার ছেলে।
জানা যায়, সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার ভাঙ্গাপোল নামক স্থানে একটি বাস পুলিশ কনস্টেবলের মোটরসাইকেলকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, রোববার রাতে নড়াইল সদর থানায় নাইট ডিউটি শেষে মোটরসাইকেলে মুকসুদপুরের গ্রামের বাড়িতে ফিরছিলেন রবিউল।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বাস চিহ্নিত করে চালককে আটক ও বাস জব্দ করতে পুলিশ তৎপরতা শুরু করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
- বিষয় :
- গোপালগঞ্জ
- নিহত
- বাসচাপায় নিহত
