থার্টি ফার্স্ট নাইট
কক্সবাজার সৈকতে আতশবাজি, পটকা ও ফানুস ওড়ানো নিষিদ্ধ
ফাইল ছবি
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫ | ০৫:২৫
থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কক্সবাজার জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একাধিক বিধিনিষেধ আরোপ করেছে জেলা পুলিশ।
গতকাল জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বিধিনিষেধ মেনে চলার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে কক্সবাজার শহর এলাকাসহ সমুদ্রসৈকতে আতশবাজি, পটকা ও ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে আতশবাজি ও ফটকা বিক্রি এবং বিপণনকেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে কক্সবাজার জেলার উন্মুক্ত স্থান ও রাস্তায় প্রকাশ্যে কোনো ধরনের কনসার্ট, নাচ কিংবা গানের অনুষ্ঠান না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত কক্সবাজার জেলার বার ও মদের দোকানে ক্রয়-বিক্রয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সামাজিক মাধ্যমে অপপ্রচার ও উস্কানিমূলক বক্তব্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোসহ যে কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে। উচ্চ শব্দ ও বেপরোয়া গতিতে গাড়ি-মোটরসাইকেল চালানো নিষিদ্ধ করা হয়েছে। থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে নারী পর্যটকদের উত্ত্যক্ত না করার বিষয়েও কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হোটেল, মোটেলসমূহে ইনডোরে কোনো অনুষ্ঠান আয়োজন করা হলে সে বিষয়ে এবং আগত সন্দেহভাজন ব্যক্তিদের তথ্য ডিএসবিকে (ডিটেকটিভ ব্রাঞ্চ) অবহিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে থার্টি ফার্স্ট নাইট শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপনে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
- বিষয় :
- কক্সবাজার
- থার্টি ফার্স্ট নাইট
