ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সাবেক মেয়র আরিফুলের আয় বেড়েছে সাড়ে ৪ গুণ

সাবেক মেয়র আরিফুলের আয় বেড়েছে সাড়ে ৪ গুণ
×

আরিফুল হক চৌধুরী

মুকিত রহমানী, সিলেট ব্যুরো

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬ | ০৮:২৮

| প্রিন্ট সংস্করণ

সর্বশেষ ২০১৮ সালে সিলেট সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন আরিফুল হক চৌধুরী। ২০২৩ সালে আর নির্বাচন করেননি। তখন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ লাভ করেন। এবার সিলেট-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। তাঁর হলফনামার তথ্যমতে, গত সাত বছরে আয় বেড়েছে সাড়ে চার গুণ।
২০১৮ সালে স্ত্রী শ্যাম হক চৌধুরার কোনো সম্পদ উল্লেখ না করলেও এবার স্ত্রীর স্থাবর-অস্থাবর সম্পত্তি উল্লেখ করেছেন আট কোটি ৪১ লাখ টাকা। স্বামী-স্ত্রীর স্থাবর সম্পদ দাঁড়িয়েছে ২৩ কোটি টাকা। আরিফুল হকের বার্ষিক আয় ৩১ লাখ ৮৩ হাজার ও শ্যামা হকের বার্ষিক আয় ২৪ লাখ ৭০ হাজার টাকা।

সিলেট-৪ (গোয়াইনঘাট-জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ) আসনের প্রার্থী আরিফুল হকের হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, ২০১৮ সালে সিটি নির্বাচনের হলফনামায় তাঁর বার্ষিক আয় উল্লেখ ছিল সাত লাখ ৫৮ হাজার টাকা। এবার বেড়ে দাঁড়িয়েছে ৩১ লাখ ৮৩ হাজার ২৩৬ টাকা। বর্তমান অস্থাবর সম্পত্তি রয়েছে চার কোটি ৩৩ লাখ ২৭ হাজার ৩৮৪ টাকার। ২০১৮ সালে সম্পত্তি ছিল এক কোটি ৯৪ লাখ ৮৪ হাজার ৭১৩ টাকার।

এর মধ্যে– নগদ ১৯ লাখ ১৮ হাজার ৯৬৭ টাকা, ১১ লাখ ২৫ হাজার ৭৭ টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ৭৯ লাখ ৩৬ হাজার ৯১৩ দশমিক ৩৪ টাকা, ৬৫ লাখ ৩৬ হাজার ৬০০ টাকার শেয়ার, ১৩ লাখ ১৫ হাজার ২৭৫ টাকার প্রাইজবন্ড, তিন লাখ ৮৬ হাজার টাকা সমমূল্যের গাড়ি উল্লেখযোগ্য।
এবার আরিফের অস্থাবর সম্পদের মধ্যে নগদ দেখিয়েছেন ২৩ লাখ ৭৮ হাজার ৯৯ টাকা। এ ছাড়া বৈদেশিক মুদ্রার মধ্যে পাঁচ হাজার ৯১৮ ডলার ও ছয় হাজার ৮৩১ পাউন্ড, ব্যাংকে জমা এক কোটি ২৯ লাখ ২৫ হাজার ৮৭৯ টাকা, বন্ড-শেয়ার ৩৮ লাখ ৫১ হাজার ৮৭৫ টাকা, পোস্টাল-সঞ্চয় ৫৩ লাখ পাঁচ হাজার ২১৫ টাকা, মোটরগাড়ি এক কোটি ৬৩ লাখ ৬৩ হাজার ৫৪৮ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার।
অপরদিকে, ২০১৮ সালের হলফনামায় আরিফুল হক চৌধুরীর স্ত্রীর কোনো আয়ের উৎস উল্লেখ করেননি। কিন্তু এবার তাঁর স্ত্রীর বার্ষিক আয় দেখানো হয়েছে ২৪ লাখ ৭০ হাজার ৭৫৯ টাকা। আয়ের উৎস হিসেবে ব্যবসার কথা বলা হয়েছে। তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে আট কোটি ৪২ লাখ টাকার। আরিফুল হকের আয়ের উৎসের মধ্যে কৃষি খাতে এক লাখ আট হাজার ৬৩০ টাকা ও অ্যাপার্টমেন্ট-বাণিজ্যিক খাত থেকে তিন লাখ ৭৩ হাজার ৫০০ টাকা দেখানো হয়।

ব্যবসা থেকে স্ত্রীর আয় ১৪ লাখ ৯৬ হাজার ৪২৪ টাকা ও আরিফুল হকের ১৮ লাখ ৪৬ হাজার ৬০৯ টাকা দেখানো হয়েছে। হলফনামায় আরিফুল হকের স্ত্রীর অস্থাবর সম্পদ দেখানো হয়েছে এক কোটি ৪৭ লাখ ৫৮ হাজার ৭৮৪ টাকা। যা অর্জনকালীন সময়ে ছিল এক কোটি ২২ লাখ ৭০ হাজার ৭৮৪ টাকা।
২০১৮ সালে আরিফুল হকের স্ত্রীর নামে কোনো অস্থাবর সম্পত্তি দেখানো হয়নি। এবারে স্ত্রী শ্যামা হক চৌধুরীর অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে নগদ টাকা ৩৫ লাখ ২১ হাজার ৬৫৩ টাকা, বৈদেশিক মুদ্রার ১৪ লাখ ৩৮ হাজার ৬৮১ টাকা, পোস্টাল-সঞ্চয় ৫৮ লাখ টাকা, মোটরগাড়ি ১২ লাখ টাকা, ২৭ ভরি স্বর্ণ, আসবাব এক লাখ ৪৭ হাজার ৫৮ হাজার ৭৮৪ টাকা দেখানো হয়। 
এ ব্যাপারে জানতে চেয়ে ফোন দিলে কোনো মন্তব্য করতে রাজি হননি আরিফুল হক চৌধুরী।

আরও পড়ুন

×