বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস
নতুন বই পেয়ে আনন্দে উচ্ছ্বসিত জামালপুরের বামুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সমকাল
জামালপুর ও মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬ | ০৭:৪২
| প্রিন্ট সংস্করণ
বছরের প্রথম দিনেই জামালপুরে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সোয়া ৫ লাখ শিক্ষার্থীর হাতে পৌঁছে গেছে নতুন বই। নতুন বই পেয়ে আনন্দে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তবে এখনও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সব বই এসে পৌঁছায়নি বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা শামছুল আলম।
গতকাল বৃহস্পতিবার সকালে জামালপুর পৌর এলাকার বামুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বিতরণ কার্যক্রম শুরু করেন জেলা প্রশাসক ইউসুফ আলী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আক্তার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আহসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম, প্রধান শিক্ষক মিজানুর রহমান, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর সেলিম ও আনোয়ার হোসেন মিন্টু।
শিক্ষা বিভাগ সূত্র জানায়, জেলার এক হাজার ৩৭৭ প্রাথমিক বিদ্যালয়ের তিন লাখ ২৬ হাজার ৯৪৪ শিক্ষার্থীর মধ্যে ১৪ লাখ ৪৭ হাজার ১৩৭টি বই বিতরণ করা হয়েছে। এ ছাড়া মাধ্যমিক পর্যায়ের ৫৭৯টি স্কুল ও মাদ্রাসার প্রায় দুই লাখ শিক্ষার্থীর মধ্যে নতুন বই বিতরণ করা হয়েছে।
এ ছাড়া নতুন বইয়ের গন্ধ ছড়িয়ে পড়েছে কুমিল্লার মুরাদনগর উপজেলার সব বিদ্যাপীঠে। শিক্ষাবর্ষের প্রথম দিন বিদ্যালয়ে এসে নতুন বই হাতে পেয়ে আনন্দে আত্মহারা শিক্ষার্থীরা। তাদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে সব শিক্ষাপ্রতিষ্ঠান।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করায় বই উৎসব হয়নি। তবে বৃহস্পতিবার শিক্ষা বছরের প্রথম দিন কুমিল্লার মুরাদনগর উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ছাত্র-ছাত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই।
ইউএনও আবদুর রহমান মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মুরাদনগর ডি আর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
কয়েকটি স্কুল ঘুরে দেখা যায়, শীতের কনকনে ঠান্ডা বাতাস উপেক্ষা করেই শিশুরা স্কুলে এসেছে নতুন বই নিতে। পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না উচ্ছ্বসিত কণ্ঠে বলে, ‘আজ (বৃহস্পতিবার) নতুন বই হাতে পাব এই আনন্দে ভোর বেলাতেই ঘুম থেকে উঠে গিয়েছি। নতুন বই পেয়ে খুব ভালো লাগছে।’ মুরাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাহিরা তাবাসসুম নতুন বই হাতে পেয়ে বলে, বছরের প্রথম দিন নতুন বই পেয়ে খুবই খুশি সে।
শিক্ষক সফিকুল ইসলাম জানান, নতুন বই শিক্ষার্থীদের জন্য সরকারের নতুন বছরের উপহার। নতুন বই শিক্ষার্থীদের উজ্জীবিত ও অনুপ্রাণিত করে।
প্রাথমিক শিক্ষা অফিসের তথ্যমতে, এ বছর উপজেলার ২০৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১৫২ কিন্ডারগার্টেন স্কুলের মধ্যে ৫৯ হাজার ৭৮৬ শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৫০টি ইবতেদায়ি ও দাখিল মাদ্রাসায় প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১২ হাজার ৩০০ ও ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ১৩ হাজার এবং ৫৭টি মাধ্যমিক স্কুলে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ৪০ হাজার ২০০ শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।
- বিষয় :
- বই উৎসব
