১০ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
ফেরি চলাচল স্বাভাবিক। ছবি- সমকাল
ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬ | ১১:০৯
ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে কুয়াশা কিছুটা কমে যাওয়ায় আবারও ফেরি চলাচল শুরু করছে।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা থেকে নৌপথের দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় নরসিংহপুর বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। ফেরি চলাচলের বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, বৃহস্পতিবার রাত থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্বও বাড়তে থাকে। একপর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে নৌপথের দিকনির্দেশক মার্কিং বাতিগুলো অস্পষ্ট হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে মাঝনদীতে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে। এতে চাঁদপুর ও শরীয়তপুরের ফেরিঘাটের দুইপাশে অ্যাম্বুলেন্স, যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক সহ শত-শত যানবাহন আটকে পড়ে। পরে কুয়াশা কিছুটা কেটে গেলে শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে এই রুটে যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, বৃহস্পতিবার রাত থেকে নদী ও আশপাশের এলাকাজুড়ে প্রচণ্ড কুয়াশা দেখা দেয়। দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১২টা থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে কোনো ফেরি মাঝ নদীতে আটকা পড়েনি। কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় শুক্রবার সকাল থেকে আবারও ফেরি পারাপার স্বাভাবিক রয়েছে।
- বিষয় :
- ফেরি চলাচল স্বাভাবিক
