ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাকৃবি শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা, আহত ৫

বাকৃবি শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা, আহত ৫
×

এলাকাবাসী ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা। ছবি-সমকাল

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ 

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬ | ১১:২১

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্থানীয়দের অতর্কিত হামলায় ৫ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেষমোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, গতকাল সকাল ১১টার দিকে কয়েকজন বহিরাগতকে বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ হল প্রাঙ্গণে সন্দেহজনকভাবে ঘুরতে দেখা যায়। শিক্ষার্থীরা তাদের ‘চোর’ সন্দেহে আটক করলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে হল প্রশাসনের হস্তক্ষেপে আটকদের ছেড়ে দেওয়া হয়।

সকালের ঘটনার জের ধরে রাত ১১টার দিকে ঈশা খাঁ হলের শিক্ষার্থীরা শেষমোড় এলাকায় রাতের খাবার খেতে গেলে স্থানীয়রা তাদের গতিরোধ করে। বাকবিতণ্ডার একপর্যায়ে স্থানীয় বহিরাগতরা শিক্ষার্থীদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে এবং লোহার পাইপ নিয়ে মারধর করে।

হামলায় ঈশা খাঁ হলের পশুপালন অনুষদের শিক্ষার্থী সিয়াম, ভেটেরিনারি অনুষদের অন্তর ও ইমন, কৃষি অনুষদের তানভীর এবং মাওলানা ভাসানী হলের কৃষি অর্থনীতি অনুষদের শিক্ষার্থী প্রিয় গুরুতর আহত হন। হামলাকারীদের আঘাতে একজনের মাথা ও অন্য একজনের নাক ফেটে যায়।

বাকৃবি হল সূত্রে জানা যায়, ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন এবং ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয় হেলথ কেয়ার সেন্টার এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম জানান, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়েছি। পুলিশ বর্তমানে এলাকায় অভিযান চালাচ্ছে। যারা সাধারণ শিক্ষার্থীদের ওপর এই হামলা চালিয়েছে, তাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন

×