একশ বছর ধর্মকাজে উৎসর্গ করেছেন জ্ঞানশ্রী মহাস্থবির
আ ফ ম খালিদ হোসেন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬ | ০৭:৫৩
| প্রিন্ট সংস্করণ
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘একজন মানবিক কল্যাণকামী মানুষ হিসেবে জ্ঞানশ্রী মহাথেরোর যে গুণাবলি আমাদের মাঝে রেখে গেছেন, তা এক বিরল দৃষ্টান্ত। তিনি কোনো সাধারণ মানুষ নন, মহাপুরুষ। বিগত একশ বছর ধর্মকাজে নিজেকে উৎসর্গ করেছেন।’
গতকাল শুক্রবার সকালে চট্টগ্রামের প্যারেড মাঠে বৌদ্ধ ধর্মীয় সর্বোচ্চ গুরু সংঘরাজ অগ্র মহাপণ্ডিত ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের স্মৃতিচারণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী এতে অংশ নেন।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দেশের প্রতিটি বৌদ্ধবিহারে অনুদান দেওয়ার চেষ্টা করেছে।
জ্ঞানশ্রী মহাথেরোর ‘জাতীয় অনিত্য সভা ও স্মৃতিচারণ উপলক্ষে অষ্টপরিষ্কারসহ সংঘদান’ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ বৌদ্ধ সমিতি। গত ১৩ নভেম্বর চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত এই গুরুর। দৃষ্টিনন্দন বৌদ্ধ শিল্পে নির্মিত শবদেহ মঞ্চে লাখো ভক্তের দর্শন, শ্রদ্ধা নিবেদন, অতিথিদের স্মৃতিচারণ, আতশবাজির উৎসব ও পাহাড়ি জনগোষ্ঠীর ধর্মীয় আলং নৃত্যের মাধ্যমে রাজকীয়ভাবে সম্মান জানানো হয় প্রয়াত ভিক্ষুকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশি বৌদ্ধদের তৃতীয় সর্বোচ্চ ধর্মগুরু উপসংঘরাজ শাসনভাস্কর শাসনপ্রিয় মহাথের। এতে আশীর্বাদক ছিলেন চতুর্দশ সংঘরাজ ভদন্ত ধর্মপ্রিয় মহাথের। স্মৃতিচারণ করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৯তম সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের এবং বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত
বুদ্ধপ্রিয় মহাথের। স্বাগত ভাষণ দেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, পুলিশ কমিশনার হাসিব আজিজ, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল মিঞা ও ভারতীয় সহকারী হাইকমিশনার ড. রাজীব রঞ্জন প্রমুখ।
আমীর খসরু যা বললেন
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘গণতন্ত্রের মা ও দেশনেত্রী খালেদা জিয়া আমাদের মধ্যে নেই, সবাইকে কাঁদিয়ে চলে গেছেন। কিন্তু তিনি তাঁর আদর্শ রেখে গেছেন। তাঁর সেই দর্শন এবং ভাবনা ধারণ করে দেশ এগিয়ে যাবে।’
অনুষ্ঠানে আমীর খসরু বলেন, ‘ভবিষ্যতের বাংলাদেশ হবে রেইনবো নেশন; এমন একটি দেশের স্বপ্ন খালেদা জিয়া দেখেছিলেন। সব ধর্মের মানুষকে নিয়ে বেঁচে থাকার তাঁর যে ধারণা, তা আমাদের অনুকরণ ও অনুসরণ করতে হবে।’
চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান ছাড়াও বৌদ্ধ সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বক্তব্য রাখেন।
- বিষয় :
- ধর্ম প্রতিমন্ত্রী
