চাঁদপুরে অস্ত্র-গুলিসহ মা ও ছেলে গ্রেপ্তার
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬ | ২০:০৮
চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশের অভিযানে একটি ৯ এমএম ও একটি ৭.৬২ পিস্তল এবং ৩০ রাউন্ড গুলিসহ মা লাভলী বেগম (৪০) ও ছেলে মো. ফয়সাল হোসেন শাকিলকে (২১) গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান।
জানা যায়, শাহরাস্তি থানা পুলিশ শুক্রবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শাহরাস্তি পৌরসভাস্থ পশ্চিম উপলতাধীন মো. আলমগীর হোসেনের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের লুট হওয়া আগ্নেয়াস্ত্র আছে। সেই তথ্যের ভিত্তিতে কচুয়া সার্কেল ও শাহরাস্তি থানার ওসির নেতৃত্বে সত্যতা যাচাইয়ে আলমগীরের পূর্ব দুয়ারী চৌচালা টিনশেড ঘরে অভিযান পরিচালনা করে। অভিযানে একটি ৯ এমএম (তারাস) পিস্তল, একটি ৭.৬২ চায়না পিস্তল, চারটি ম্যাগাজিন, ৩০ রাউন্ড গুলি, পুলিশের পোশাক, বেল্ট, চশমা, বডি ক্যামেরা, গ্যাস মাস্কসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ সময় ওই ঘরের বাসিন্দা মো. আলমগীর হোসেনের স্ত্রী লাভলী বেগম ও তার ছেলে মো. ফয়সাল হোসেন শাকিলকে গ্রেপ্তার করে শাহরাস্তি থানা পুলিশ হেফাজতে নেয়।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এণ্ড আপস্) মো. লুৎফর রহমান। এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড আপস্) মো. লুৎফর রহমান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের লুট হওয়া অস্ত্রের সন্ধান পাওয়ার গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে পুলিশ অভিযান চালায়। অভিযানে লুট হওয়া অস্ত্র, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।
- বিষয় :
- চাঁদপুর
- অস্ত্র জব্দ
- গুলি
