যাচাই-বাছাইয়ে সৈয়দ ফয়সলের মনোনয়ন বৈধ
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর শনিবার হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সৈয়দ ফয়সল- সমকাল
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬ | ০৭:৫৯
| প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী সৈয়দ মো. ফয়সলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তা বৈধ ঘোষণা করেন।
মনোনয়নপত্রের বৈধতা ঘোষণার সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মো. শাহজাহান, সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ইশতিয়াক আহমেদ এবং সায়হাম নিট কম্পোজিটের এমডি সৈয়দ শাফখাত আহমেদসহ দলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা। এ ঘোষণায় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় বিএনপির প্রার্থী সৈয়দ মো. ফয়সল বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষকে স্বনির্ভর করার যে রাজনীতি ও আদর্শ রেখে গেছেন, সেই আদর্শ বাস্তবায়নই বিএনপির মূল লক্ষ্য। গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান প্রদর্শন এবং মানুষের ভোটের মূল্যায়নই হবে এবারের নির্বাচনের মূল মেন্ডেট।’
সৈয়দ মো. ফয়সল আরও বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের মানুষ ঐক্যবদ্ধ। এই ৩১ দফার মধ্যেই রয়েছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার নিশ্চিতকরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের সুস্পষ্ট রূপরেখা।
তিনি হবিগঞ্জ-৪ আসনের অধীন মাধবপুর ও চুনারুঘাট উপজেলার জনগণকে জাতি, ধর্ম, বর্ণ ও দলমত নির্বিশেষে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। জনগণের সমর্থন পেলে তিনি এই আসনের উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন বলেও আশ্বাস দেন। বিএনপি সরকার গঠন করতে পারলে ৩১ দফার আলোকে মাধবপুর ও চুনারুঘাটকে একটি সমৃদ্ধ ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন সৈয়দ মো. ফয়সল।
এই আসনে বিএনপির নেত্রী শাম্মী আক্তার, বিএনপির আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট আমিনুল ইসলাম ও জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মো. ফয়সল মনোনয়নপ্রত্যাশী ছিলেন। এর মধ্যে সৈয়দ মো. ফয়সলকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেয় বিএনপি।
- বিষয় :
- মনোনয়নপত্র
