গাইবান্ধায় বিকল ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬ | ০৯:৫৬
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিকল ট্রাকের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার কালিতলা গোপিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইলের কালিহাতি উপজেলার জতুরপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে ট্রাকচালক আব্দুর রহিম মিয়া (২৬) ও গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের বুনোতলা রতনপুর গ্রামের গেন্দা শেখের ছেলে কাপড় ব্যবসায়ী চাঁন মিয়া (৫৫)।
এ দুর্ঘটনায় ট্রাকে থাকা বগুড়ার শিবগঞ্জ উপজেলার গোপী বল্লমপুর গ্রামের আয়েন উদ্দিনের ছেলে কাপড় ব্যবসায়ী শফিকুল ইসলাম (৫৪) গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-রংপুর মহাসড়কের গোপিনাথপুর এলাকায় ডিভাইডারের ওপর মহাসড়ক নির্মাণ কাজে নিয়োজিত একটি বালু ও পাথর বোঝাই ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এসময় বগুড়াগামী অপর একটি বালুবোঝাই দ্রুতগতির ট্রাক পেছন দিক থেকে ওই ট্রাকটিকে ধাক্কা দিলে ট্রাকের কেবিনে থাকা একজন যাত্রী ও ট্রাক চালক ঘটনাস্থলেই নিহত হন। তবে বিকল ট্রাকটিতে কোনো লোক ছিলেন না।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকের কেবিনে থাকা অপর যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
- বিষয় :
- গাইবান্ধা
- গোবিন্দগঞ্জ
- নিহত
- সড়ক দুর্ঘটনা
