ডাম্প ট্রাক-নসিমন মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মাছ ব্যবসায়ীর
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬ | ১২:৩৫
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বালুবোঝাই ডাম্প ট্রাকের সঙ্গে মাছবোঝাই নসিমনের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলী (৪০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে চুয়াডাঙ্গা–আলমডাঙ্গা সড়কের পিটিআই সংলগ্ন মাধবীতলা এলাকায় এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নসিমনের চালক জহুরুল হক জহুরুল ইসলাম।
নিহত মোহাম্মদ আলী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাগানমাঠপাড়া গ্রামের শামসুল হক ফরাজির ছেলে। আহত নসিমন চালক জহুরুল হক একই গ্রামের আব্দুল মালেকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাগানমাঠপাড়া এলাকা থেকে মাছবোঝাই একটি নসিমন নিয়ে আলমডাঙ্গার দিকে আসছিলেন চালক ও ব্যবসায়ী। মাধবীতলা এলাকার একটি বাঁকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির বালুবোঝাই একটি ডাম্প ট্রাকের সঙ্গে আলমসাধুটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে নসিমনটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী মোহাম্মদ আলী নিহত হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
আলমডাঙ্গার মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। ট্রাক ও চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
- বিষয় :
- চুয়াডাঙ্গা
- আলমডাঙ্গা
- সংঘর্ষ
- নিহত
