শাহজালাল বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই সভা যেন মিলনমেলা
ছবি: সংগৃহীত
শাবি প্রতিনিধি
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬ | ১৯:২৭
শাহজালাল বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (এসইউএসডি) প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রাতে বিভাগের শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে এ সভা যেন মিলনমেলায় পরিণত হয়।
সভায় সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও সিলেট লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. তাজ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবি উপাচার্য অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি উপউপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, পরিসংখ্যান বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আজিজুল বাতেন প্রমুখ। এছাড়া অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা সশরীরে এবং অনলাইন প্লাটফর্মে যুক্ত ছিলেন।
সভায় উপস্থাপনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার সোহান। স্বাগত বক্তব্য দেন সহ-সভাপতি মোহাম্মদ মহসিন আলী। সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তার বক্তব্যে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে সবাইকে অবহিত করেন এবং বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের জন্য মুক্ত আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত চূড়ান্ত করেন।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাফল্য কামনা করে সভায় শাবি উপাচার্য অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী বলেন, দেশ এবং দেশের বাইরের অনেক বিশ্ববিদ্যালয়ের মতো পরিসংখ্যান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিভাগের শিক্ষার্থীদের জন্য উল্লেখযোগ্য অবদান রাখবে, যা অন্য বিভাগগুলো অনুসরণ করবে।
পরে তিনি পরিসংখ্যান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন করেন।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. তাজ উদ্দিন উপস্থিত সবাইকে তাদের মতামতের জন্য ধন্যবাদ জানান।
