ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‎১০০তম তারিখেও জমা পড়েনি চার্জশিট

‎১০০তম তারিখেও জমা পড়েনি চার্জশিট
×

তানভীর মুহাম্মদ ত্বকী

 নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬ | ০৮:০৩

| প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জে কিশোর তানভীর মোহাম্মদ ত্বকী হত্যা মামলার ১০০তম ধার্য তারিখ ছিল গতকাল বুধবার। কিন্তু মামলার তদন্ত সংস্থা র‍্যাব আদালতে চার্জশিট (অভিযোগপত্র) জমা দিতে পারেনি। এতে ক্ষোভ প্রকাশ করে ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেছেন, এটি তদন্তকারী সংস্থার চরম ব্যর্থতার প্রমাণ।

মামলার আসামিদের মধ্যে গতকাল আদালতে হাজিরা দেন ইউসুফ হোসেন লিটন, রিফাত বিন ওসমান, ইয়ার মোহাম্মদ পারভেজ, তায়েফ উদ্দিন জ্যাকি, মামুন মিয়া, কাজল হালদার ও সাফায়ত হোসেন শিপন। জামিন পেয়ে পলাতক রয়েছেন সুলতান শওকত ভ্রমর, সালেহ রহমান সীমান্ত। তাদের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট রয়েছে।

গতকাল বেলা ১১টায় ত্বকী হত্যা মামলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে ওঠে। এ মামলার অন্যতম আইনজীবী অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল ‎আদালতে বলেন, ত্বকী হত্যার এক যুগ পার হয়ে গেছে। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট জমা দেননি। রাজনৈতিক প্রভাব বিস্তার করে আগের সরকারের আমলে চার্জশিট দিতে বাধা দেওয়া হয়। আমরা আশা করেছিলাম, অন্তর্বর্তী সরকারের আমলে চার্জশিট দেওয়া হবে। কিন্তু আজ মামলার ১০০তম ধার্য তারিখেও তদন্ত কর্মকর্তা র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার চার্জশিট দেননি। তিনি আদালতেও উপস্থিত ছিলেন না। কেন তিনি চার্জশিট দিলেন না, তা আমাদের বোধগম্য হচ্ছে না। এ সময় ‎আদালত মামলার তদন্ত কর্মকর্তাকে দ্রুত চার্জশিট দেওয়ার তাগিদ দেন। আদালত মামলার পরবর্তী তারিখ ধার্য করেন ১৮ ফেব্রুয়ারি।
২০১৩ সালের ৬ মার্চ নিখোঁজ হওয়ার দুই দিন পর শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই বছরের নভেম্বরে আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত আদালতে জবানবন্দিতে জানান, আজমেরীর নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়।

আরও পড়ুন

×