ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কুতুবদিয়ায় সাগরে ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু, কিশোর নিখোঁজ

কুতুবদিয়ায় সাগরে ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু, কিশোর নিখোঁজ
×

কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরে একটি ট্রলার (ফাইল ছবি)

কক্সবাজার প্রতিনিধি 

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬ | ১৪:৩৮

কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরে মাছ ধরতে গিয়ে একটি ফিশিং ট্রলার ডুবে নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন, কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী এলাকার জশির আলমের ছেলে ও ট্রলারের মাঝি এহেছান (২৫) এবং আলী আকবর ডেইল এলাকার বাসিন্দা লেড়ু। এখনও নিখোঁজ রয়েছে একই এলাকার মাহামুল করিমের ছেলে মো. ফয়সাল (১২)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত তিনটার দিকে বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী এলাকার কামাল কোম্পানির মালিকানাধীন একটি ফিশিং ট্রলার সাগরে মাছ ধরার সময় দুর্ঘটনার কবলে পড়ে। একপর্যায়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে মাঝি-মাল্লাসহ ১১ জন জেলে ছিলেন।

 দুর্ঘটনার পর আটজন জেলেকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও তিনজন নিখোঁজ ছিলেন। তাদের উদ্ধারে স্থানীয় জেলে ও স্বজনরা তাৎক্ষণিকভাবে তল্লাশি শুরু করেন। শুক্রবার ভোরে তিনজনের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে কিশোর জেলে মো. ফয়সালের এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি।

ট্রলারটির মালিক মো. কামাল সওদাগর জানান, ট্রলারটি নিয়ে জেলেরা নিয়মিত মাছ ধরতে সাগরে যায়। দুর্ঘটনার সময় কীভাবে এটি ডুবে গেছে, সে বিষয়ে বিস্তারিত এখনও জানা যায়নি। নিখোঁজ কিশোরকে উদ্ধারের জন্য তল্লাশি  চলছে। 


কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় দুই জেলের মরদেহ উদ্ধারের খবর পেয়েছি। একজন কিশোর এখনও নিখোঁজ রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

আরও পড়ুন

×