ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কক্সবাজারে পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু 

কক্সবাজারে পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু 
×

ছবি: সমকাল

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬ | ১৯:০১

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শ্রমিকের নাম নুরুল আমিন (৩০)। তিনি একই ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার মীর আহমদের ছেলে।

স্থানীয়রা জানান, জালিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ও তার ছোট ভাই সরওয়ার দীর্ঘদিন ধরে ওই এলাকায় পাহাড় কেটে মাটির ব্যবসা করে আসছেন। প্রশাসনের পর্যাপ্ত নজরদারি না থাকায় ঝুঁকিপূর্ণ এ কাজ নির্বিঘ্নে চলছিল। নুরুল আমিন পাহাড় কাটার কাজে শ্রমিক ছিলেন। শুক্রবার ভোরে পাহাড় কাটার সময় একটি বড় অংশ হঠাৎ ধসে পড়লে তিনি মাটিচাপা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা গেছে, নুরুল আমিন ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি অনিশ্চয়তার মুখে পড়েছে।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
 
এ বিষয়ে বন বিভাগের ইনানী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ-আল-আমিন বলেন, দায়িত্বপালন শেষ করে বন কর্মকর্তারা ভোররাতে তাদের কার্যালয়ে ফেরার পরই অবৈধভাবে পাহাড় কাটা শুরু হয়। এ সময় পাহাড়ধসে এক শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের নাম-ঠিকানা সংগ্রহ করে মামলার প্রস্তুতি চলছে। 

তিনি জানান, ঘটনার মূল অভিযুক্ত হেলাল উদ্দিনের বিরুদ্ধে আগে থেকেই বন আইনে পাঁচটি মামলা রয়েছে।

উখিয়া থানার ওসি নুর আহমদ বলেন, পাহাড় কাটার সময় এক ব্যক্তি নিহতের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।

একই স্থানে এর আগে ২০২৪ সালের ২১ জানুয়ারি পাহাড় কাটার সময় মাটিচাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছিল।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবে ওই এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাহাড় কাটা অব্যাহত থাকায় একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন

×