ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফেনী-৩ আসন

আবদুল আউয়ালের প্রার্থিতা বাতিলের আবেদন ইসিতে

আবদুল আউয়ালের প্রার্থিতা বাতিলের আবেদন ইসিতে
×

আবদুল আউয়াল মিন্টু

 সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬ | ০৮:০২

| প্রিন্ট সংস্করণ

ফেনী-৩ আসনে বিএনপির প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র অবৈধ ঘোষণার দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক। 

আপিলে অভিযোগ করা হয়েছে, মার্কিন নাগরিকত্ব প্রত্যাহার না করেই মিন্টু নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছেন এবং তাঁর বিরুদ্ধে থাকা মামলার তথ্য গোপন করেছেন। 
গতকাল শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল-সংক্রান্ত আদেশের বিরুদ্ধে আপিল গ্রহণ কেন্দ্রে 
এই আবেদন জমা দেন ডা. ফখরুদ্দিনের আইনজীবীরা। 

আপিলে বলা হয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য গোপন করার পরও আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ কারণে ফেনী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হককেও বিবাদী করা হয়েছে। 
আপিল আবেদন জমা দেওয়ার পর ডা. ফখরুদ্দিন মানিকের আইনজীবী গোলাম কিবরিয়া সাংবাদিকদের বলেন, আবদুল আউয়াল মিন্টু মার্কিন নাগরিকত্ব প্রত্যাহার না করেই নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছেন। পাশাপাশি তাঁর বিরুদ্ধে থাকা মামলার তথ্যও হলফনামায় গোপন করা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী এসব কারণে তাঁর প্রার্থিতা বাতিলযোগ্য। 
আপিল আবেদনে আরও বলা হয়, আবদুল আউয়াল মিন্টুর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে। কিন্তু তিনি সেই তথ্য হলফনামায় উল্লেখ করেননি। বরং সেখানে দাবি করেছেন, গত ৯ ডিসেম্বর তিনি মার্কিন নাগরিকত্ব প্রত্যাহার করেছেন। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ বা নথি দাখিল করা হয়নি। 

আইনজীবীর ভাষ্য অনুযায়ী, মিন্টু গত ৪ ডিসেম্বর মার্কিন পাসপোর্ট ব্যবহার করে থাইল্যান্ড সফরে যান এবং ১৫ ডিসেম্বর একই পাসপোর্ট ব্যবহার করেই দেশে ফেরেন। তিনি যদি সত্যিই ৯ ডিসেম্বর মার্কিন 
নাগরিকত্ব প্রত্যাহার করে থাকেন, তাহলে ওই তারিখের পর মার্কিন পাসপোর্ট ব্যবহার করা সম্ভব ছিল না। অভিযোগের স্বপক্ষে আপিল আবেদনের সঙ্গে তাঁর মার্কিন নাগরিকত্ব থাকার নথি এবং তাঁর বিরুদ্ধে থাকা মামলার তথ্য সংযুক্ত করা হয়েছে। 

আরও পড়ুন

×