উৎসবের আমেজে বই বিনিময়
বইপ্রেমীদের পদচারণায় মুখর উৎসব প্রাঙ্গণ। গতকাল চট্টগ্রামের জামালখান মোড়ে - সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬ | ০৮:০৫
| প্রিন্ট সংস্করণ
বিকেল আনুমানিক ৩টা। চট্টগ্রাম নগরের জামালখান মোড়ে বিভিন্ন বয়সের হাজারো মানুষের জটলা। বেশির ভাগই তরুণ। তাদের প্রায় সবার হাতে বই। টেবিলে টেবিলে সারি সারি সাজানো বই। কেউ হাতে থাকা বইটি দিয়ে পছন্দের আরেকটি বই সংগ্রহ করছেন। কেউবা দেখছেন– বড় বড় সাদা পোস্টারে সাঁটানো সাহিত্য, সিনেমা, লোকগান, ইতিহাস, জাতিবৈচিত্র্যের নানা দুর্লভ স্থিরচিত্র। তীব্র ঠান্ডায় কেউবা স্বাদ নিচ্ছিলেন গরম গরম খাবারের। সব মিলিয়ে আনন্দময় হয়ে উঠেছিল চট্টগ্রামের ‘বই বিনিময় উৎসব’।
গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে জামালখান এলাকাজুড়ে এমন দৃশ্য দেখা যায়। এবার ১১টি ক্যাটেগরিতে নিবন্ধন করে চলে বই বিনিময়। উৎসবে কথাসাহিত্য, শিশুসাহিত্য, প্রবন্ধ, হুমায়ূন-ছফা, কবিতা, ইতিহাস, রাজনীতি ও আত্মজীবনী, ক্যারিয়ার ও বিজ্ঞান, একাডেমিকসহ মোট ১১টি স্টলে বই বিনিময়ের সুযোগ রাখা হয়।
স্টোরিটেলিং প্ল্যাটফর্ম ফেইল্ড ক্যামেরা স্টোরিজের উদ্যোগে এবারের বই বিনিময় উৎসবে বাড়তি যোগ করা হয় আলোকচিত্র প্রদর্শনী। ‘প্রায়োরিটি বাংলাদেশ’ নামে চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে বাংলাদেশের সাহিত্য, সিনেমা, লোকগান, ইতিহাস, চট্টগ্রাম, জাতিবৈচিত্র্যসহ নানা বিষয়ের স্থিরচিত্র। নগরীর প্রেস ক্লাবের পাশেই জামালখান মোড়ে সপ্তমবারের মতো এ আয়োজন করা হয়। গতকাল উৎসব উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক হরিশংকর জলদাস। সকাল থেকে রাত ৮টা পর্যন্ত চলা আয়োজন মুখর ছিল ‘বইপ্রেমী’ মানুষের পদচারণায়। পড়া হয়ে গেছে– এমন বই দিয়ে বিনামূল্যে পছন্দের অন্য বই সংগ্রহ করা গেছে বই উৎসবে। এবারের উৎসবের স্লোগান ছিল ‘বই নয়, জ্ঞানের বিনিময়।’
উৎসবের সমন্বয়ক ও ফেইল্ড ক্যামেরা স্টোরিজের পরিচালক সাইদ খান সাগর জানান, প্রতিবারই এ উৎসবের কলেবর বাড়ছে। উৎসবে কমবেশি ২৫ হাজার বই বিনিময় হতে পারে।
- বিষয় :
- বই উৎসব
