যৌথ বাহিনীর অভিযান
ছাত্রদল যুবদল নেতার বাড়িতে পাঁচ ঘণ্টার অভিযান, পিস্তল গুলি উদ্ধার
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬ | ০৮:১৫
| প্রিন্ট সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আড়াইহাজারের মেঘনা নদীবেষ্টিত চরাঞ্চল কালাপাহাড়িয়া ইউনিয়নে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। গতকাল শুক্রবার সকাল থেকে দেড়শ সদস্যের প্রায় ৫ ঘণ্টাব্যাপী এ অভিযানে একটি পিস্তল, ১৫ রাউন্ড গুলি, ৩৮৮টি রামদাসহ দেশি অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় এক কিশোরসহ পাঁচজনকে।
স্থানীয়রা জানান, মূলত উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি যুবদল ও ছাত্রদলের পাঁচ নেতার বাড়িতে এই অভিযান চালানো হয়। তাদের বাড়ি থেকেই এসব অস্ত্র উদ্ধার করা হয়। তবে এই নেতাদের কাউকে আটক করা যায়নি। অন্যদিকে, যাদের গ্রেপ্তার করা হয় তাদের কারও বিরুদ্ধে মামলা নেই বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়রা বলছেন, যৌথ বাহিনীর সদস্যদের দেখে পালানোর সময় তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, খালিয়াচর গ্রামের মৎস্যজীবী জাকির হোসেন ও মোহাম্মদ স্বপন এবং অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী। কালাপাহাড়িয়া গ্রামের রাজমিস্ত্রি রেন্টু মিয়া ও ট্রলারের মাঝি আব্দুল মতিন।
গতকাল সকাল ৬টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা উপজেলার খালিয়ারচর, কালাপাহাড়িয়া ও কদমির চর গ্রাম ঘিরে ফেলেন। এ সময় সন্দেহজনক বাড়িগুলো চিহ্নিত করে সেখানে তল্লাশি অভিযান চালানো হয়। এসব বাড়ি থেকে একটি পিস্তল, ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, পাঁচ রাউন্ড শটগানের কার্তুজ, আটটি ককটেল, ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র, টেঁটা, ৩৮৮টি রামদা, ছোরা ১৯টি, দা ৭টি, চাপাতি ৭টি এবং ডাকাতির কাজে ব্যবহৃত বড় টর্চলাইট উদ্ধার করা হয়। জব্দ করা হয় ১০ লাখ ১৫ হাজার ৮০০ টাকা। অভিযানে উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র ও গ্রেপ্তারকৃতদের খালিয়ারচর জাহানারা বেগম উচ্চ বিদ্যালয় মাঠে এনে জড়ো করেন যৌথ বাহিনীর সদস্যরা।
উদ্ধার হওয়া পিস্তলটি থানা থেকে পুলিশের খোয়া যাওয়া বলে জানিয়েছে সেনাবাহিনী। আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন জানান, অভিযানে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। এটি থানা থেকে লুট করা কিনা তা যাচাই করা হচ্ছে। তিনি জানান, সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত তিনটি গ্রামে এ অভিযান চালানো হয়। আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়ে ওসি বলেন, মামলা হলে তাদের আদালতে পাঠানো হবে।
জানা গেছে, অভিযানে উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব কদমিরচর গ্রামের মোবারকের বাড়ি থেকে একটি পিস্তল, গুলির ম্যাগাজিন, ককটেল, দেশি অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া খালিয়ারচরে ইউনিয়ন যুবদলের সভাপতি ফকির জহিরুল ইসলাম ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি কবির হোসেন এবং কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন চৌধুরী ও তাঁর ভাতিজা মন্টু মিয়ার বাড়ি থেকে দেশি অস্ত্র উদ্ধার করা হয়।
দুপুরে খালিয়ারচর জাহানারা বেগম উচ্চ বিদ্যালয় স্কুল প্রাঙ্গণে প্রেস ব্রিফিং করেন ৪৫ এমএলআরএস রেজিমেন্ট অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আলম। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিতি পাওয়া কালাপাহাড়িয়া ইউনিয়নে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করেছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আস্তানার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য শুক্রবার ভোর থেকে সেনাবাহিনীর ১৪০ জন সদস্য ও স্থানীয় থানা পুলিশের ১০ জন সদস্যকে নিয়ে যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এলাকার চিহ্নিত সন্ত্রাসী, ডাকাত, চাঁদাবাজদের বাড়িতে বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানে পুলিশের খোয়া যাওয়া একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ দেশি অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
রূপগঞ্জে অভিযানে ছয়জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গুলিভর্তি কাটা রাইফেল, পিস্তল, দেশি অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন ও নগদ টাকাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৩টার দিকে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কর্ণগোপ এলাকার ফাহিম ভূঁইয়া, নাহিদ, খুলনার পাইকগাছা থানার বারুলিয়ার এসএম তৌহিদুজ্জামান, কিশোরগঞ্জের করিমগঞ্জের আস্তাকা মানিকপুরের নূর মোহাম্মদ, মিঠামইনের খোকন মিয়া এবং ফরিদপুরে ভাঙ্গা থানার জোবায়ের হোসেন। তারা সবাই ওই এলাকায় থাকতেন। গ্রেপ্তারকৃতদের কাছে অস্ত্র ও মাদক থাকার সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, যৌথ বাহিনীর একটি বিশেষ দল রাত ৩টার দিকে কর্ণগোপ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্ত্রাসীদের কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি কাটা রাইফেল, পাঁচ রাউন্ড গুলিসহ একটি পিস্তল, একটি চাপাতি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র ও মাদক সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্যসহ তাদের রূপগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে দুটি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
- বিষয় :
- অস্ত্র জব্দ
