ঈশ্বরদী সুহৃদ উদ্যোগ
তিন শতাধিক শীতার্ত পরিবার পেল কম্বল
শীতার্ত পরিবারের সদস্যদের হাতে কম্বল তুলে দেন সুহৃদরা
ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬ | ১৬:১৫ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ | ১৬:৪০
উত্তরাঞ্চলের অন্যতম শীতপ্রবণ এলাকা পাবনার ঈশ্বরদী। অন্য বছরের মতো এবারও সেখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা প্রবাহিত হয়। এমন পরিস্থিতিতে সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিটের পক্ষ থেকে তিন শতাধিক শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
গত বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদীর পাবনা জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে আয়োজিত ‘শীতার্তদের পাশে সমকাল সুহৃদ’ প্রতিপাদ্যে সহায়তা হিসেবে তিন শতাধিক শীতার্ত পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় একটি করে কম্বল। এ লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুর রহমান। স্বাগত বক্তব্য দেন সমকাল প্রতিনিধি সেলিম সরদার।
সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিটের সভাপতি আর. কে. বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন– উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার, উপজেলা কৃষি অফিসার মো. আল মোমিন, ঈশ্বরদী পৌর নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সেহাব উদ্দিন, পৌর ভূমি কর্মকর্তা মো. আফছার আলী, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক আমান।
এ সময় শীতার্তদের পাশে দাঁড়ানোর এই মানবিক আয়োজনে বক্তব্য দেন– বিনা পয়সার পাঠশালার পরিচালক তাহেরুল ইসলাম, ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের সহসভাপতি জাহিদুল আলম সনু, সিনিয়র টিটিই আব্দুল আলীম বিশ্বাস মিঠু, সাবেক ছাত্রনেতা ইউনুছ আলী পাটোয়ারী, কৃষিবিদ অনুজ পারভজ পাভেল, উন্নয়নকর্মী লোকমান হোসেন প্রমুখ। অনুষ্ঠান সমন্বয় করেন সুহৃদ সমাবেশের সাংগঠনিক সম্পাদক দুর্জয় ইসলাম লিমন মন্ডলসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে মো. আরিফুর রহমান বলেন, ‘করোনাকালের মানবিক ও ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন ছাড়াও নানা ধরনের সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে ঈশ্বরদীতে সমকাল সুহৃদ সমাবেশ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে প্রমাণ করেছে তারা সবসময় ভালো কাজের সঙ্গে আছে। আমরাও সুহৃদদের ভালো কাজের সঙ্গে আছি।’
হাড় কাঁপানো শৈত্যপ্রবাহে জবুথবু অবস্থায় শীতবস্ত্র নিতে আসা সফুরা খাতুন বলেন, ‘এবার শীতে আমাদের জান আর বাঁচে না। বাবা এই শীতে তোমাদের দেওয়া এই কম্বল পেয়ে আমার বড় উপকার হলো। কম্বলখান গায়ে জড়িয়ে শুয়ে থাকলে শীত থেকে কিছুটা হলেও বাঁচতে পারব।’ সফুরা খাতুনের মতো আরও বেশ কয়েকজন সুহৃদদের এ আয়োজনের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানান।
- বিষয় :
- ঈশ্বরদী
- সুহৃদ সমাবেশ
- শীতবস্ত্র বিতরণ
