খালেদা জিয়া অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে: কবির আহমেদ
ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬ | ২১:৩৩
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কবির আহমেদ ভূইয়া বলেছেন, খালেদা জিয়ার রাজনৈতিক ইতিবৃত্ত, সংগ্রাম ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার সাহসী ভূমিকা দেশের সকল নেতাকর্মীর জন্য অফুরন্ত অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
রোববার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির তিনবারের চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর বিএনপির উদ্যোগে কসবা সদরের আলতাফ প্লাজা বিউটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমান নির্বাচিত হওয়ায় কসবা-আখাউড়া উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গসংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, দেশের ক্লান্তিকালে তারেক রহমান বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদা বাস্তবায়নে সক্ষম নেতৃত্ব দিতে পারবেন বলে আমরা আশা করি। এ দেশের মানুষ জিয়া পরিবারের প্রতি অবিচল আস্থা রেখে আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠনে ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, কসবা-আখাউড়াকে একটি আধুনিক মডেল জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। বেকারত্ব কমাতে ছোট শিল্পনগরী গড়ে তুলতে পারলে এ অঞ্চল দেশের অন্যতম উন্নত নাগরিক সুবিধার অধিকারী হবে। তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়িত হলে কসবা-আখাউড়া কৃষিবান্ধব উন্নয়ন মডেল হিসেবে গড়ে উঠবে।
রাজপথের আন্দোলনে নিজের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, বিগত দিনে রাজপথে আমি ছিলাম; আগামী দিনেও আপনাদের সঙ্গে রাজপথে থাকবো। তরুণদের পথচলা অবিরাম হোক—শান্তির ছোট্ট শহর গড়ে তোলার জন্য আমার চেষ্টা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি সাবেক আখাউড়া উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন, কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দীন আহমেদ খান পিপি এবং সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন। সভাপতিত্ব করেন কসবা পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম শরীফ ভূইয়া। সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুম খান।
সভায় বক্তব্য দেন কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দীন, এনামুল হক, কসবা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বশির চৌধুরী, সহ-সভাপতি বাদল ভূইয়া ও মিলন ডাক্তার প্রমুখ।
- বিষয় :
- খালেদা জিয়া
- দোয়া মাহফিল
