গাইবান্ধা সুহৃদ উদ্যোগ
শতাধিক শীতার্ত পেল সহায়তা
শীতার্ত পরিবারের সদস্যদের হাতে কম্বল তুলে দেন গাইবান্ধার সুহৃদরা
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬ | ১৭:১৫
কনকনে শীতে চরম বিপাকে পড়েছেন গাইবান্ধা সদর উপজেলার শীতার্তরা। সবচেয়ে বেশি কষ্টে আছেন ছিন্নমূল মানুষ। সামান্য হলেও কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে শীতার্ত মানুষের মধ্যে রাতে কম্বল বিতরণ করেছে সমকাল সুহৃদ সমাবেশ গাইবান্ধা ইউনিট। রোববার রাতে সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন সুহৃদরা।
শীতবস্ত্র পেয়ে গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের কচুয়ার খামার গ্রামের আলেমা বেগম (৫৭) বলেন, ‘এই কনকনে ঠান্ডায় আমাদের মতো গরিব মানুষের একটা মোটা কম্বল খুব দরকার ছিল। এই কম্বল পেয়ে আমার অনেক উপকার হলো। যারা আমাদের কথা ভেবেছেন, তাদের জন্য দোয়া করি।’
একই গ্রামের দিনমজুর রঞ্জু মিয়া (৫২) বলেন, ‘শীতে আমাদের থেকে ছোট সন্তানদের খুব কষ্ট হয়। এই কম্বল আমি আমার ছোট ছেলেকে দেব। সে মাদ্রাসায় লেখাপড়া করে।’
কম্বল পেয়ে ভীষণ খুশি সদর উপজেলার কামারজানি ইউনিয়নের নতুন বন্দর গ্রামের বৃদ্ধ দিনমজুর মেসের আলী (৭০)। তিনি বলেন, ‘যে ঠান্ডা পড়ছে বাবা, কেউ একটা কম্বল দেয় নাই। চেয়ারম্যান, মেম্বারও খোঁজ খবর নেয় নাই। রাইত হলে ঠান্ডা আরও বেশি হয়। শীতের কারণে ঠিকমতো ঘুমাইতেও পারি নাই। আজকে কম্বল পাইয়া একটু আরামে ঘুমাতে পারব।’
গাইবান্ধা সুহৃদ সমন্বয়ক ও সমকাল জেলা প্রতিনিধি মাসুম লুমেনের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচি বাস্তবায়ন করেন সুহৃদ নেতারা। কর্মসূচি বিষয়ে সুহৃদরা বলেন, ‘শীতের কষ্ট তিনিই বোঝেন, যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে যার যার অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়াতে হবে। আমরা যদি আমাদের সাধ্যমতো শীতার্ত মানুষের পাশে দাঁড়াই তাহলে তাদের শীতের কষ্ট অনেকটাই লাঘব হবে।’
গাইবান্ধা প্রতিনিধি
- বিষয় :
- শীতবস্ত্র বিতরণ
- গাইবান্ধা
- সমকাল
- সুহৃদ সমাবেশ
