গাজীপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা
ভোটকেন্দ্রে তিনজন অস্ত্রধারীসহ ১৩ জন আনসার থাকবেন
জাহাঙ্গীর আলম চৌধুরী
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬ | ০৮:০৬
| প্রিন্ট সংস্করণ
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সংসদ নির্বাচনে সারাদেশের প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। যাদের মধ্যে তিনজন অস্ত্রধারী ও ছয়জন অস্ত্রবিহীন পুরুষ এবং চারজন অস্ত্রবিহীন নারী আনসার সদস্য থাকবেন।
গতকাল সোমবার গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে ৪১তম বিসিএস (আনসার) ক্যাডার কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ ও নতুন নিয়োগপ্রাপ্ত উপজেলা প্রশিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ এবং ২৬ ও ২৭তম ব্যাচ (পুরুষ) রিক্রুট সিপাহি মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন উপদেষ্টা।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দেশের মোট ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রে সর্বমোট ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন থাকবেন। এ ছাড়া সারাদেশে ১ হাজার ১৯১টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে, যা সামগ্রিক নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত ও কার্যকর করবে।
তিনি আরও বলেন, যে কোনো ধরনের অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ববহির্ভূত আচরণ ও কর্মকাণ্ড, যা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত বা বিঘ্নিত করতে পারে, তা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার জন্য আমি আনসার সদস্যদের সুস্পষ্টভাবে নির্দেশনা দিচ্ছি।
কুচকাওয়াজে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য চারজন চৌকস প্রশিক্ষণার্থীকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। শেষে আনসার সদস্যদের বেশ কয়েকটি টিম নিজেদের শারীরিক সক্ষমতা কসরত ও আপৎকালীন উদ্ধার তৎপরতা প্রদর্শন করে। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের অভিভাবক ও বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা আনসার একাডেমিতে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
- বিষয় :
- জাহাঙ্গীর আলম চৌধুরী
