রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে হবে: আমীর খসরু
ছবি: সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬ | ১৮:০০
রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়ানোর ওপর জোর দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্রের ক্ষমতা বেশি বেড়ে গেলে জনগণের অসুবিধা হয়, ফ্যাসিজম সৃষ্টি হয়। জনগণ বলতে প্রত্যেকটি নাগরিককে শক্তিশালী হতে হবে। আমরা চাই আগামীদিনে এই পরিবর্তন আনতে। এজন্য রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে হবে।
শুক্রবার সকালে চট্টগ্রাম ধর্ম উজ্জ্বল পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পুণ্যানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, বিগত সময়ে রাষ্ট্রের ক্ষমতা বেড়ে যাওয়ায় জনগণ জিম্মি হয়ে গিয়েছিল। দেশ হতাশার অতল গহ্বরে তলিয়ে যেতে বসেছিল। তাই রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়ানোর সময় এসেছে।
এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্য বজায় রাখার পাশাপাশি সবার স্বাধীনভাবে কাজ করার অধিকার আছে বলেও মন্তব্য করেন। একইসঙ্গে টেকসই উন্নয়ন ও প্রকৃত পরিবর্তনের জন্য সব ক্ষেত্রে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলেও উল্লেখ করেন এই বিএনপি নেতা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, রোকনউদ্দিন মাহমুদ, বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া, প্রীতম বড়ুয়া ডালিম, সুনীল চাকমা, বিপুল চাকমা, আলো চাকমা, শুকরজিৎ চাকমা রবি চাকমা, জীবন চাকমা, বিদ্যাশয় চাকমা, সমুনি চাকমা প্রমুখ।
অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংঘদানসহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠিত হয়। এতে পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী ও ধর্মগুরুরা অংশগ্রহণ করেন।
