শাকসু নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটল, মঙ্গলবার ভোট
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬ | ০৮:০২ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ | ১২:৩৮
| প্রিন্ট সংস্করণ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। স্থগিত হওয়া পূর্বঘোষিত তপশিল গত বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন (ইসি) ফের অনুমোদন দেয়। ইসি সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখা থেকে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। ফলে আগামী ২০ জানুয়ারি ভোট গ্রহণে আর কোনো বাধা রইল না। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা।
এদিকে ভোটের অনুমতি পেয়েই প্রচারণায় ব্যস্ত হয়ে উঠেছেন প্রার্থীরা। তারা প্রচারণার ঘাটতি আগামী তিন দিনের মধ্যে পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এ জন্য প্রতিটি প্যানেল ভাগ হয়ে প্রচারণা চালাচ্ছে। শিবির সমর্থিত প্যানেল অনিশ্চয়তার মাঝেই বুধবার নির্বাচনী ইশতিহার ঘোষণা করে। ছাত্রদল সমর্থিত ও স্বতন্ত্র প্যানেল আজকালের মধ্যে ইশতেহার ঘোষণার কথা জানিয়েছে।
গত সোমবার ইসির এক প্রজ্ঞাপনে জাতীয় নির্বাচনের আগে দেশের সব নির্বাচন স্থগিত ঘোষণা করার কথা জানানো হলেও শাকসু নির্বাচনের নির্ধারিত তারিখ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। শিক্ষার্থীদের আন্দোলনের পর বুধবার প্রার্থীরা নির্বাচন আয়োজনের দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপি দেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুধবার রাতেই নির্বাচন আয়োজনের অনুমতির জন্য অনলাইনে নির্বাচন কমিশনে চিঠি পাঠায়। এর পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার রাতে ইসি প্রজ্ঞাপন জারি করে।
ইসির প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্ধারিত আচরণবিধি প্রতিপালন সাপেক্ষে শাকসু নির্বাচন আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে অনুমতি দিয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
ইসির সিদ্ধান্তে প্রার্থীরা সন্তোষ প্রকাশ করলেও প্রচারণা করতে না পারায় তারা অসন্তুষ্ট। ইসির প্রজ্ঞাপন জারির পর বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তারা প্রচারণা করতে পারেননি। ফলে গতকাল থেকে আগামী তিন দিনে প্রচারণা শেষ করতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
‘সাধারণের ঐক্যস্বর’ প্যানেলের ভিপি প্রার্থী মুহুয়ী শারদ সমকালকে বলেন, তপশিল ঘোষণা করতে পারিনি। আজকালের মধ্যে করা হবে। অল্প সময়ের মধ্যেই প্রায় ৯ হাজার ভোটারের কাছে যেতে হবে।
ছাত্রদল সমর্থিত ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকিম বিল্লাহ বলেন, গত কয়েক দিন প্রচারণায় ঘাটতি থাকায় এখন ব্যস্ত বেশি থাকতে হচ্ছে। আশা করি সফল হব। ছাত্রশিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেলে জিএস প্রার্থী মুজাহিদুল ইসলামও একই কথা জানিয়েছেন।
- বিষয় :
- শাকসু
- ভোট
- ছাত্র সংসদ নির্বাচন
- শাবিপ্রবি
