ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভাণ্ডারিয়ায় জেপির ৬০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ভাণ্ডারিয়ায় জেপির ৬০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
×

আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জেপি) প্রায় ৬০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান। ছবি: সমকাল

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬ | ১৭:৩১ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ | ১৭:৩৫

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জেপি) প্রায় ৬০০ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। শনিবার রাতে ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা জেপির সাবেক সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম উজ্জ্বলের নেতৃত্বে বিএনপিতে যোগ দেন তারা। এ উপলক্ষে উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নবাগতদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন বিএনপির নেতারা। 

বিএনপিতে যোগ দেওয়া জেপির অপর নেতারা হলেন– উপজেলা কমিটির সিনিয়র সহসভাপতি ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, সিনিয়র সহসভাপতি ও নদমুলা শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান শফিকুল কবির বাবুল তালুকদার, সাংগঠনিক সম্পাদক খোকন সিকদার, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, জাতীয় যুব সংহতির সভাপতি রেজাউল হক রেজভী জোমাদ্দার, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মনির সরদার, উপজেলা জাতীয় মহিলা পার্টির সভানেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার প্রমুখ। 

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, পরিবার কল্যাণবিষয়ক সহসম্পাদক ডা. রফিকুল কবির লাবু, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক খান নজরুল ইসলাম, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, ভাণ্ডারিয়া বিএনপির সভাপতি ও পিরোজপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। 

জেপির উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম উজ্জ্বল বলেন, বর্তমানে জেপির রাজনীতি জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সীমাবদ্ধ হয়ে পড়েছে। দীর্ঘকাল দলটির সঙ্গে যুক্ত থেকে তারা এক ধরনের রাজনৈতিক স্থবিরতা অনুভব করছিলেন। দেশের বর্তমান পরিস্থিতিতে একটি বড় এবং গণমুখী রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা থেকেই তারা বিএনপির পতাকাতলে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন

×