ভোটে সবাই সমান সুযোগ পাবে, প্রশাসন কোনো পক্ষপাতিত্ব করবে না: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি: সমকাল
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬ | ১৮:১৮
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোথাও লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই। সবাই সমান সুযোগ পাবে এবং প্রশাসন কোনো পক্ষপাতিত্ব করবে না।
আজ সোমবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, ‘আমরা কোনো প্রার্থীর সঙ্গে প্রার্থীর কথা বলছি না। আমরা জনগণের সঙ্গে কথা বলছি। জনগণ যেন সমান সুযোগ পায়, সেটাই প্রমাণ করা হবে। প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে।’
ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি প্রসঙ্গে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত। আগামী ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হবে। এর পর কেউ সভা-সমাবেশ করলে তা নির্বাচন কমিশন দেখভাল করবে।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটকে সামনে রেখে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গণভোট বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটারদের জন্য একটি সুবর্ণ সুযোগ। ‘হ্যাঁ’ ভোট মানে সংস্কার, ‘হ্যাঁ’ ভোট মানে দুর্নীতিমুক্ত সমাজ ও উন্নত রাষ্ট্র। তাই সবাইকে গণভোটে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান, জেলা পুলিশ সুপার (এসপি) মো. আবু তারেক, সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর রাহাত খান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জসীম উদ্দীন, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
