৫ জেলার এমপি প্রার্থীদের কর্মী মোটিভেশন সভায় হট্টগোল
বাংলাদেশ খেলাফত মজলিস
ফরিদপুর-১ আসনের প্রার্থী মাওলানা জালাল উদ্দিনের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে হট্টগোল সমকাল
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬ | ০৮:১২
| প্রিন্ট সংস্করণ
ফরিদপুরের ভাঙ্গায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের কর্মী মোটিভেশন সভায় নেতাকর্মীদের হট্টগোলের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার পুলিয়া গ্রামে দলের প্রার্থীর বাসভবনে পাঁচ জেলার কর্মী মোটিভেশন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কর্মী মোটিভেশন সভায় প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব ও ফরিদপুর-১ আসনের প্রার্থী মাওলানা জালাল উদ্দিন। সভার এক পর্যায়ে প্রধান অতিথির বক্তব্যের প্রতিবাদ জানিয়ে হট্টগোল করেন ফরিদপুর-৪ আসনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মিজানুর রহমান মোল্লার সমর্থকরা।
সভায় বক্তব্যের এক পর্যায়ে মাওলানা জালাল উদ্দিন বলেন, ১০ দলীয় জোটের পক্ষ থেকে ফরিদপুর-৪ আসন দুজন প্রার্থীর জন্য ওপেন (উন্মুক্ত) রাখা হয়েছে। তারা হলেন– জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী ও খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী। এই দুজনের মধ্যে যার জনসমর্থন বেশি থাকবে, তিনিই ফরিদপুর-৪ আসনে ১০ দলীয় জোটের সমর্থন পাবেন। আগামী এক সপ্তাহের মধ্যে এ আসনে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হবে। এ সময় ভোটের মাঠে জনসমর্থন পেতে স্থানীয় নেতাকর্মীদের বেশি কাজ করার আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেন মিজানুর রহমান মোল্লার অনুগত খেলাফত মজলিসের স্থানীয় নেতাকর্মীরা। তাদের ভাষ্য, বিগত দুই বছর ধরে তারা মিজানুর রহমানের পক্ষে মাঠে-ময়দানে কাজ করছেন। এতে বিগত দিনে বিরোধী পক্ষের লোকজনের হামলা-মামলা এবং বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন। তবুও তারা মাঠ ছাড়েননি। তাই ফরিদপুর-৪ আসনে মিজানুর রহমান ব্যতীত অন্য কোনো প্রার্থীকে ১০ দলীয় জোটের পক্ষ থেকে মনোনীত করা হলে তারা সেটা মেনে নেবেন না। তাদের দাবি পূরণ না হলে রাজপথে নেমে দক্ষিণবঙ্গ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন দলের ফরিদপুর জেলার সভাপতি খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, কেন্দ্রীয় সহপ্রশিক্ষণ সম্পাদক মুফতি নূর মোহাম্মদ, কেন্দ্রীয় অভিভাবক পরিষদের সদস্য ও ফরিদপুর-২ আসনের প্রার্থী মাওলানা আকরাম আলী, ফরিদপুর-৪ আসনের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা, মাদারীপুর-১ আসনের প্রার্থী মাওলানা সাঈদ আহমেদ হানজালা, গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী মাওলানা আব্দুল আজিজ মক্কী, ফরিদপুর জেলার সভাপতি মাওলানা আমজাদ হোসেন প্রমুখ।
- বিষয় :
- বাংলাদেশ খেলাফত মজলিস
