হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট)
নির্বাচন উৎসবমুখর করার প্রস্তুতি বিএনপির
ছবি: সমকাল
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬ | ২০:৫৩
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির প্রার্থী সৈয়দ মো. ফয়সল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন।
বুধবার দুপুরে হবিগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের কাছ থেকে প্রার্থীর পক্ষে প্রতীক বরাদ্দের কাগজ গ্রহণ করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মো. শাহজাহান।
এদিকে, প্রতীক পাওয়ার পর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার থেকেই মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় দলীয় নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল বলেন, মাধবপুরে বিএনপি একটি শক্তিশালী ও সংগঠিত দল। আমরা এবারের জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর করতে চাই। উপজেলার প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দেব। আমাদের লক্ষ্য, প্রতিটি ভোটার যেন নির্ভয়ে ও আনন্দের সঙ্গে ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন।
তিনি জানান, সব প্রার্থী যেন সমান সুযোগ পান, সে বিষয়ে তারা সচেতন থাকবেন এবং আচরণবিধি মেনে প্রচারণা চালাবেন।
চুনারুঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান বলেন, দীর্ঘদিন পর দেশে একটি কাঙ্ক্ষিত ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। চুনারুঘাটের ১০টি ইউনিয়ন, পৌরসভা ও ১৮টি চা-বাগানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি নিয়ে আমরা ঘরে ঘরে যাব। ইতোমধ্যে স্বচ্ছতা ও সততার প্রতীক সৈয়দ মো. ফয়সলকে নিয়ে দল-মত নির্বিশেষে জনগণের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
বেজুড়া গ্রামের সনাতন সমাজের নেতা অরুণ কুমার নাগ বলেন, সৈয়দ মো. ফয়সল একজন পরীক্ষিত ও জনবান্ধব নেতা। এলাকার উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার স্বার্থে দল-মত নির্বিশেষে মানুষ তাঁকে সমর্থন করছে। আমরা আশা করি, তিনি নির্বাচিত হলে এ অঞ্চলের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
প্রার্থী সৈয়দ মো. ফয়সল প্রতীক বরাদ্দ পাওয়ার প্রতিক্রিয়ায় বলেন, ‘বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার আলোকে আমি মাধবপুর ও চুনারুঘাটকে সারাদেশের জন্য একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এবারের নির্বাচনে দল-মতের ঊর্ধ্বে উঠে আমি সবার সমর্থন ও ধানের শীষ প্রতীকে ভোট কামনা করছি। জনগণের ভালোবাসা ও সহযোগিতায় বিজয়ের ব্যাপারে আমি আশাবাদী।’
