হাতিয়াকে আধুনিক উপজেলায় রূপ দিতে চান ফজলুল আজিম
নিঝুম দ্বীপকে বিশ্বমানের পর্যটন এলাকা হিসেবে গড়ার প্রতিশ্রুতি
ছবি: সমকাল
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬ | ২২:২১
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ছয়টি আসনের ৪৮ জন প্রার্থীদের মাঝে বুধবার (২১ জানুয়ারি) প্রতীক বরাদ্দ করা হয়। বৃহস্পতিবার সকাল থেকেই প্রার্থীরা তাদের নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন। নোয়াখালী-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিম হরিণ প্রতীক নিয়ে তার নির্বাচনী এলাকা হাতিয়ায় উঠান বৈঠক, ভোটারদের সঙ্গে মতবিনিময়, গণসংযোগ ও পথসভা করেছেন।
ফজলুল আজিম জানান, তিনি মাইজি থেকে সকালে হাতিয়া যাওয়ার পথে হরিনী ও চানন্দি ইউনিয়নের ভোটার ও অনুসারীদের নিয়ে চেয়ারম্যানঘাটে গণসংযোগ করেন। দুপুরে হাতিয়া পৌরসভা এলাকায় পৌঁছে ভোটারদের সঙ্গে মতবিনিময়, গণসংযোগ ও পথসভা করেন।
বৃহস্পতিবার স্থানীয় ভোটার ও ফজলুল আজিমের অনুসারীরা হরিণ মার্কার সমর্থনে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড চরকৈলাস মহল্লা থেকে আনন্দ শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি হাতিয়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হয়ে ফজলুল আজিমের বাসভবনে এসে শেষ হয়।
হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন হরিণ প্রতীকের প্রার্থী প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম, হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবুল কালাম, পৌর বিএনপির সাবেক সভাপতি কাজী মাওলানা আব্দুর রহিম, আলাউদ্দিন আলো, প্রকৌশলী ফারহান আজিম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নিজাম উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা নুর উদ্দিন প্রমুখ।
ফজলুল আজিম উপস্থিত ভোটার ও নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি তিনবারের সংসদ সদস্য। সংসদ সদস্য থাকাকালীন আমি হাতিয়ার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করেছি। আমার হাত ধরেই অবহেলিত হাতিয়ায় উন্নয়ন শুরু হয়েছিল। হাতিয়াবাসীর উন্নয়ন করাই আমার লক্ষ্য ও উদ্দেশ্য। আমি হাতিয়া উপজেলার রাস্তাঘাট, স্কুল-কলেজ-মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠান, বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে ব্যাপক কাজ করেছি। আগামী নির্বাচনে বিজয়ী হলে হাতিয়া উপজেলাকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে এবং নিঝুম দ্বীপকে আন্তর্জাতিক মানের পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ করব। আমার একটাই লক্ষ্য হাতিয়াবাসী যেন আধুনিক জীবনযাপন করতে পারেন।
তিনি বলেন, আমি অতীতেও হাতিয়াবাসীর সুখে দুঃখে তাদের পাশে ছিলাম। এখনও আছি। আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি হাতিয়ার মাটি ও মানুষের সাথে থাকব। এটা আমার জীবনের শেষ নির্বাচন। আগামী ১২ ফেব্রুয়ারি আমাকে হরিণ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য অনুরোধ করছি।
- বিষয় :
- নোয়াখালী-৬
- হাতিয়া
