ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

খাসজমি বণ্টনের আশ্বাস হাসনাত কাইয়ুমের

খাসজমি বণ্টনের আশ্বাস হাসনাত কাইয়ুমের
×

হাসনাত কাইয়ুম

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬ | ০৮:২০

| প্রিন্ট সংস্করণ

জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হলে খাসজমি ভূমিহীনদের মধ্যে বণ্টনের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট এ এইচ এম কাইয়ুম (হাসনাত কাইয়ুম)। কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের এই স্বতন্ত্র প্রার্থী গতকাল শুক্রবার বিকেলে বাজিতপুরের পিরিজপুরে আয়োজিত পথসভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন। 
হাসনাত কাইয়ুম বলেন, ‘আমি নির্বাচিত হলে জলমহাল উন্মুক্ত করে বাজিতপুর-নিকলীকে কৃষি ও প্রাকৃতিক মাছের রাজধানী হিসেবে গড়ে তুলব। সাঁতার ইনস্টিটিউট প্রতিষ্ঠা করব।’
তিনি দেশের নদনদী, হাওর-বাঁওড়, বিল, হাটবাজারসহ সব ইজারা বাতিল করে এলাকার বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা নেবেন বলেও মন্তব্য করেন। হাসনাত কাইয়ুম ভোটারদের উদ্দেশে আরও বলেন, ‘আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন, ভালো মনে করেন– আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।’

নির্বাচিত হলে নিকলী-বাজিতপুরে সব ধরনের সন্ত্রাস ও চাঁদাবাজির অবসানের ঘোষণা দিয়ে হাসনাত কাইয়ুম বলেন, ‘হাওরাঞ্চলে কৃষির পাশাপাশি আবারও নিরাপদ গরুর বাথান করা, হাওরে পরিবেশবান্ধব পর্যটনশিল্পের প্রসার, মৎস্য ও প্রাণিসম্পদের উন্নয়নের জন্য যথাযথ প্রচেষ্টা চালিয়ে যাব।’

পরে তিনি উপজেলার বোর্ডবাজার, বাংলাবাজার, সরারচরসহ কয়েকটি এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। এসব সভায় তিনি বাজিতপুর ও নিকলী উপজেলাকে সংস্কার ও উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। এ জন্য স্থানীয় জনসাধারণের সর্বাত্মক সহায়তা কামনা করেন।
দীর্ঘদিন ধরে রাষ্ট্র সংস্কার আন্দোলন নামের রাজনৈতিক দল নিয়ে কাজ করছেন হাসনাত কাইয়ুম। তবে নানা কারণ দেখিয়ে নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধন দেয়নি। যে কারণে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাসনাত কাইয়ুম। 

বুধবার তিনি হরিণ প্রতীক বরাদ্দ পান। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শোভারামপুরে বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই জারু মিয়ার কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন হাসনাত কাইয়ুম। 

আরও পড়ুন

×