কুড়িগ্রাম সুহৃদ উদ্যোগ
আট শতাধিক ছিন্নমূল মানুষ পেল কম্বল
শীতার্ত পরিবারের সদস্যদের হাতে কম্বল তুলে দেন সুহৃদরা
রাজারহাট (কুড়িগ্রাম প্রতিনিধি)
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬ | ১৬:৫৬ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ | ১৭:০১
কুড়িগ্রামের রাজারহাট সুহৃদ সমাবেশের আয়োজনে এবং প্রেস ক্লাবের সহযোগিতায় আট শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাজারহাট প্রেস ক্লাবে অনুষ্ঠানে কম্বল বিতরণ করেন উপজেলা সুহৃদ সভাপতি ও রাজারহাট কারিগরি বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ আবুল হোসেন সরকারসহ সুহৃদরা।
রাজারহাট প্রেস ক্লাবের সভাপতি সরকার অরুণ যদুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা সুহৃদ কুড়িগ্রাম সরকারি কলেজের সহযোগী অধ্যাপক চিন্ময় রায় পলাশ, সমকালের কুড়িগ্রাম প্রতিনিধি সুজন মোহন্ত ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদসহ সাংবাদিক ও সুহৃদরা উপস্থিত ছিলেন।
কম্বল পেয়ে আনন্দে কেঁদে ফেলেন ৮০ বছর বয়সী প্রতিবন্ধী ভিক্ষুক মোজাম্মেল হক। তিনি বলেন, ‘এই কম্বলের জন্য কত জায়গায় গেইছং, কাইয়োঁ মোক একখ্যান কম্বল দেয় নাই। তোমার সমকাল ও প্রেস ক্লাব হামাক ডাকে আনি কম্বল দিলেন।’
উপজেলার রাজারহাট ইউনিয়নের স্বপ্ন চামারী গ্রামের ৭০ বছর বয়সী বৃদ্ধ ভিক্ষুক আমজাদ হোসেন বলেন, ‘কোনো মেম্বার-চেয়ারম্যান হামাক কম্বল দেয় নাই, সমকাল হামাক কম্বল দেইল, এল্যা এইখ্যান গাত দিয়ে রাইতত ঘুম পারবের পাইমো।’
উপজেলার আতারমেলা গ্রামের ভিক্ষুক কান্দুরা বলেন, ‘মোক কম্বলটা দিলেন তোমার গুলার জন্যে মুই দোয়া করিম।’ রাজারহাট প্রেস ক্লাবের সভাপতি সরকার অরুণ যদু বলেন, ভিক্ষুক-এতিমসহ ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করতে পেরে অনেক ভালো লাগছে।
অধ্যক্ষ আবুল হোসেন সরকার বলেন, সাংবাদিকদের এই আয়োজনের মতো সমাজের অন্যান্য শ্রেণি-পেশার মানুষদেরও এগিয়ে আসা উচিত। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তারা সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখার বিষয়টি সত্যিই আনন্দদায়ক।
অধ্যাপক চিন্ময় রায় পলাশ বলেন, ‘আজকের মতো ভবিষ্যতেও সুহৃদসহ রাজারহাট প্রেস ক্লাবের সাংবাদিকরা বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অংশগ্রহণ অব্যাহত রাখবেন বলে আশা করছি।
সমন্বয়ক সুহৃদ সমাবেশ, রাজারহাট (কুড়িগ্রাম)
- বিষয় :
- রাজারহাট
- কুড়িগ্রাম
- সুহৃদ সমাবেশ
- শীতবস্ত্র বিতরণ
