ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মাজার জিয়ারত করে প্রচার শুরু করলেন মান্না

মাজার জিয়ারত করে প্রচার শুরু করলেন মান্না
×

হজরত শাহ সুলতানের (রহ.) মাজার জিয়ারত করছেন মাহমুদুর রহমান মান্না। ছবি: সমকাল

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬ | ২২:৪২

হজরত শাহ সুলতানের (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারে নেমেছেন নাগরিক ঐক্যর সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না। আজ রোববার বিকেল ৪টার দিকে তিনি বগুড়ার মহাস্থানে পৌঁছান। পরে নেতাকর্মীদের নিয়ে মাজার জিয়ারত করেন। পরে মহাস্থানবাজার থেকে শুরু করেন গণসংযোগ। 

এ সময় মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বিরাট রক্তের নদী পেরিয়ে আমরা আজ নির্বাচনী দুয়ারে এসেছি। এই নির্বাচনে দলবাজি, চাঁদাবাজি, গলাবাজি, ধান্দাবাজি, মাস্তানি, মাসলম্যান চলবে না। এ নির্বাচন বদলে দেওয়ার নির্বাচন। বাংলাদেশকে আমরা বদলে দিতে চাই। এই নির্বাচন সাধারণ মানুষের নির্বাচন, তাই একটি পরিচ্ছন্ন নির্বাচন চাই।’

তিনি আরও বলেন, ‘কোনো প্রকার প্রভাব-প্রতিপত্তি ও মিথ্যাচার এই নির্বাচনে চলবে না। যারা এসব করবে ভোটাররা তাদের বয়কট করবে। আমাকে অনেক ব্যারিকেড দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমি অনেক বাধা-বিপত্তি অতিক্রম করে নির্বাচনে প্রার্থিতার বৈধতা পেয়েছি।’

সুন্দর বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার আকাঙ্ক্ষা জানিয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘নির্বাচনে যদিও প্রতিদ্বন্দ্বিতা আছে, কিন্তু সবারই লক্ষ্য গণতান্ত্রিক সুন্দর বাসযোগ্য রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেটা গত ১৭ বছরে ছিল না। তাই যারা গায়ের জোর দেখাবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কারও সঙ্গে বৈরিতা নেই, নেই শত্রুতা। সবাই যার যার মতো করে নির্বাচনী কাজ করবেন। দেশ আমরা সবাই একসঙ্গে গড়ব। এটা আমার বা দলের বক্তব্য নয়, এটা গণমানুষের বক্তব্য, গণমানুষের চাওয়া।’

নির্বাচনে কোনো জোটের সঙ্গে যাওয়া প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘স্বৈরাচারের বিরুদ্ধে আমরা একসঙ্গে লড়াই করেছি জোটবদ্ধ হয়ে। কিন্তু নির্বাচনে কোনো জোট নয়, এটাকে বলা হয় সমঝোতা। যার যার সঙ্গে পারছে সমঝোতা করছে, তাতে সমস্যা নেই। কেউ আসন ছেড়ে দিলে আমার জন্য ভালো। এটাও সমঝোতা, কিন্তু এমন সমঝোতা আমার আপাতত নেই। যে জোট ছিল, তা ভেঙে গেছে শেখ হাসিনার পতনের পর। তারপর আর কোনো জোট হয়নি।’ 

এদিন তাঁর সঙ্গে ছিলেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য আব্দুর রাজ্জাক সজীব, বগুড়া জেলা কমিটির সমন্বয়ক সাইদুর রহমান নাগর, সদস্য রাজিয়া সুলতানা ইভা, সদস্য মশিউর রহমান পিয়াল, শিবগঞ্জ উপজেলার আহ্বায়ক শহীদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এনামুল হক প্রমুখ।

আরও পড়ুন

×