আ.লীগকে ভোটের বাইরে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জি এম কাদের
ছবি: সমকাল
রংপুর অফিস
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬ | ০৪:৩৮
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার হলো দলীয় সরকার। তাদের নিয়োগকর্তা জামায়াতে ইসলামী। এ কারণে এই দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হবে না। যেহেতু সব রাজনৈতিক দল অংশগ্রহণ করছে না, সেহেতু এটি অংশগ্রহণমূলক নির্বাচন নয়। আওয়ামী লীগের মতো বড় একটি দলকে ভোটের বাইরে রেখে নির্বাচন কখনও গ্রহণযোগ্য হবে না।’
গতকাল রোববার দুপুরে রংপুর নগরীর সেনপাড়ায় স্কাই ভিউ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
রংপুর-৩ আসনে জাপার এই প্রার্থী বলেন, ‘বর্তমান সরকার স্বীকার করেছে, তাদের একটি গোষ্ঠী নিয়োগ করেছে, তাদেরই ড. ইউনূস অভিভাবক বলছেন। আর জামায়াতে ইসলামীর পৃষ্ঠপোষকতায় এই সরকার গঠিত হয়েছে। ফলে এই সরকার দলীয় সরকার। এ কারণে বলছি, দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কখনও সম্ভব নয়। জামায়াত তো অনেকবার বলেছে, ৫ আগস্টের আন্দোলন তাদের পৃষ্ঠপোষকতায় হয়েছে। কিন্তু জনগণকে তারা বুঝতে দেয়নি, জামায়াতের নেতৃত্বে আন্দোলন হয়েছে। সবকিছুর মধ্যে তারাই ছিল।’
জি এম কাদের বলেন, ‘নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়নি। আমাদের অনেক নেতাকর্মী এখনও মিথ্যা মামলায় কারাগারে আছেন। অনেকে এখনও পালিয়ে বেড়াচ্ছেন। অনেক এলাকায় নেতাকর্মীদের না আসতে বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনে আমরা বারবার অভিযোগ করেও প্রতিকার পাচ্ছি না।’
এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জাপার কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা আহ্বায়ক আজমল হক লেবু ও মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরসহ অন্য নেতারা।
- বিষয় :
- রংপুর
- জিএম কাদের
- আওয়ামী লীগ
