ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আদালতের নির্দেশে ধানের শীষ পেলেন মোবাশ্বের

আদালতের নির্দেশে ধানের শীষ পেলেন মোবাশ্বের
×

মোবাশ্বের আলম ভূঁইয়া

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬ | ০৮:২১

| প্রিন্ট সংস্করণ

উচ্চ আদালতের নির্দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনে প্রার্থিতা ফিরে পাওয়ার পর ধানের শীষ প্রতীক পেয়েছেন মো. মোবাশ্বের আলম ভূঁইয়া। গতকাল সোমবার বিকেলে কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসানের স্বাক্ষরে তাঁকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া কেন্দ্রীয় বিএনপির সদস্য। এর আগে এ আসনে বিএনপির মনোনয়ন পাওয়া আবদুল গফুর ভূঁইয়ার মনোনয়ন দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগে বাতিল হওয়ায় ভাগ্য খুলে যায় দলের বিদ্রোহী প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার। 

বিএনপি আবদুল গফুর ভূঁইয়াকে মনোনয়ন দেয় এবং তাঁর প্রার্থিতাও যাচাই-বাছাইয়ে বৈধ হয়। একই আসনে মোবাশ্বের আলম ভূঁইয়াও বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু তিনি বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও ঋণখেলাপি ও দলীয় প্রত্যয়নপত্র জমা না দেওয়ায় ৩ জানুয়ারি যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল করেন। এর বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে (ইসি) আপিল করলেও তিনি প্রার্থিতা ফিরে পাননি। পরে ১৯ জানুয়ারি তিনি হাইকোর্টে রিট করেন। গত রোববার বিএনপির প্রার্থী হিসেবে মোবাশ্বের আলম ভূঁইয়ার দাখিল করা মনোনয়নপত্র বাতিলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁর মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে নির্দেশ দেওয়া হয়। 
ধানের শীষের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া সমকালকে বলেন, আল্লাহ চাইলে চাবি ছাড়া তালা খোলা যায়, এটাই আজ প্রমাণিত হলো। আদালতের আদেশে আমি প্রার্থিতা ফিরে পেয়েছি। দলও আমাকে নতুন করে মনোনয়নপত্র দিয়েছে। দলের কাছে আমি কৃতজ্ঞ। 

আরও পড়ুন

×