ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভৈরবে বগি লাইনচ্যুত: ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন

ভৈরবে বগি লাইনচ্যুত: ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন
×

দীর্ঘ ৮ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রুটে সিঙ্গেল লাইন চালু করা হয়। ছবি: সমকাল

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬ | ১৪:১৫ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ | ১৪:২৬

দীর্ঘ ৮ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভৈরবে আটকে থাকা পর্যটক এক্সপ্রেস ট্রেন চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ার মাধ্যমে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে সোমবার রাত ৩টায় কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশন স্টেশনে ঢাকা মেইল-২ (ডাউন) এর একটি বগি লাইনচ্যুত হয়। এতে রাত সাড়ে তিনটা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। এ ঘটনায় লাইনম্যানের গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখছেন রেলওয়ে কর্মকর্তারা। ইতোমধ্যে তদন্তের জন্য ৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে সমকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন বিভাগীয় রেলওয়ে ম্যানেজার কামরুজ্জামান (ডিআরএম)।

ভৈরব রেলওয়ে স্টেশন সূত্র জানায়, সোমবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে (চট্টগ্রাম মেইল) ঢাকা মেইল-২ (ডাউন) ট্রেন। রাত ২টা ৪০ মিনিটে ভৈরবে পৌঁছালে বিরতির ৪০ মিনিট পর ৩টা ২০ মিনিটে ভৈরব থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে ট্রেনটি। তবে স্টেশনের অদূরে কয়েক মিনিট যেতে না যেতেই সিগন্যাল পয়েন্টে ট্রেনের ইঞ্জিন থেকে চার নম্বর বগির সামনের দুইটি চাকা লাইনচ্যুত হয়।

এ ঘটনার পরে ঢাকার সঙ্গে পূর্বাঞ্চল জোনের সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ ৮ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন ও ঢাকাগামী এগারো সিন্দুর এক্সপ্রেস ট্রেন ভৈরবে আটকে থাকে। অপরদিকে কুলিয়ারচর স্টেশনে বিজয় এক্সপ্রেস ট্রেন, নরসিংদীর দৌলতকান্দিতে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন, চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন, খানা বাড়িতে ও ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে তুর্ণা নিশিতা ও তিতাস কমিউটার ট্রেন আটকে থাকে।

রেলওয়ের একটি সূত্র জানায়, ‘অপারেটের সিস্টেম থেকে অনলাইনে ক্রসিং লাইনে কোনো সিগন্যাল যায়নি। এটি পয়েন্ট ম্যানের কাজ ছিল। তবে কি কারণে ত্রুটি হয়েছে এটি তদন্ত ছাড়া বলা যাবে না।’

বিভাগীয় রেলওয়ে ম্যানেজার কামরুজ্জামান (ডিআরএম) বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে আসি। সকাল ৮টায় আখাউড়া থেকে আসা রিলিফ ট্রেনের মাধ্যমে উদ্ধার কাজ করা হয়েছে। দীর্ঘ ৮ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রুটে সিঙ্গেল লাইন চালু করে আপাতত ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে জেনেছি রেলওয়ে পয়েন্টম্যানের গাফিলতি রয়েছে। ভুলভাবে পয়েন্ট সেট করে সিগন্যাল দেওয়ার কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। প্রাথমিকভাবে জেনেছি বলেই আমরা বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। এই ঘটনার সঙ্গে রেলওয়ের অন্য কারও গাফিলতি আছে কিনা এ বিষয়ে তদন্ত করা হবে।’

আরও পড়ুন

×