ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ স্কুলছাত্রের
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬ | ১৫:৩৭
বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কাথম-কালিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দলগাছা-নামুইট এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার ভাটরা ইউনিয়নের ভরতেতুলিয়া গ্রামের রতন আলীর ছেলে তামিম নিহাল (১৬) ও নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলা আব্দুলপুর গ্রামের লিটন আলীর ছেলে মিজানুর রহমান লেমন (১৬)। তারা দুজনেই নন্দীগ্রাম মা কেজি অ্যান্ড হাই স্কুলের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে তামিম নিহাল ও মিজানুর রহমান লেমন সিমলা বাজার থেকে নন্দীগ্রামের দিকে যাচ্ছিল। পথে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, হাসপাতাল থেকে মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
- বিষয় :
- বগুড়া
- নন্দীগ্রাম
- সড়ক দুর্ঘটনা
- নিহত
