বোয়ালমারীতে অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬ | ১৮:১৬
ফরিদপুরের বোয়ালমারীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান সজীবকে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও ম্যাগাজিনে লোড করা দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মাহবুবুর রহমান সজীব বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া এলাকার মৃত হাবিবুর মিয়ার ছেলে।
তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পদের দায়িত্বে রয়েছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুর রহমান লিপন মিয়া।
বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. শিমুল মোল্লা জানান, এ ঘটনায় বৃহস্পতিবার অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। আসামিকে আদালতে চালান করা হবে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের আওতাধীন বোয়ালমারী মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজনকে আটক করে তার হেফাজত থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
সেনাবাহিনী আরও জানায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে সেনাবাহিনী।
- বিষয় :
- ফরিদপুর
- বোয়ালমারী
- যুবদল নেতা
- আটক
