সিলেটে চোরাবালিতে আটকে প্রাণ গেল শাবি শিক্ষার্থীর
মুসআব আমীন
সিলেট ব্যুরো
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬ | ২০:১০
সিলেটের জৈন্তাপুরে সারী নদীর লালাখালে গোসলে নেমে চোরাবালিতে আটকা পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সাহেবমারা ড্রয়ার নামক স্থানে নদীতে গোসলে নেমে নিখোঁজ হন তিনি। প্রায় ৩ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মুসআব আমীন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী। তিনি আসন্ন শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে সৈয়দ মুজতবা আলী হল সংসদের সদস্য পদে প্রার্থী ছিলেন। তিনি গাজীপুরের কালিয়াপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে লালাখাল জিরো পয়েন্ট এলাকায় নদীতে গোসলে নেমে মুসআব নিখোঁজ হন। খবর পেয়ে জৈন্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে বিকেল ৪টার দিকে তাঁকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার এমন আকস্মিক মৃত্যুতে শাবিপ্রবি ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, বন্ধু ও শিক্ষকরা গভীর শোক এবং সমবেদনা জানিয়েছেন।
শাবিপ্রবি প্রক্টর মোখলেসুর রহমান সমকালকে বলেন, মুসআব আমীনের মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত আছেন। পরিবারের অনুমতি পেলে আমরা ময়নাতদন্ত এড়ানোর চেষ্টা করব।
তিনি জানান, নিহত শিক্ষার্থীর পরিবারের সদস্যরা গাজীপুর থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহবুবুর রহমান মোল্লা জানান, সারী নদীতে গোসলে নেমে চোরাবালিতে আটকা পড়েন ওই পর্যটক। দীর্ঘ সময় তল্লাশি চালিয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। তার মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
- বিষয় :
- শাবি
- শাবিপ্রবি
- শিক্ষার্থী
- মৃত্যু
