পক্ষপাতিত্বের প্রমাণ পেলে অবস্থা খুব খারাপ হবে: ইসি সানাউল্লাহ
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:৪৭ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:৪৯
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘ত্রয়োদশ সংসদ নির্বানে নিরপেক্ষতার প্রশ্নে নির্বাচন কমিশন শক্ত অবস্থান নিয়েছে এবং নেবে। যদি কারও বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া যায়, তবে তার অবস্থা খুব খারাপ হবে।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রোববার সকালে বরিশাল নগরীর সার্কিট হাউস মিলনায়তনে আইনশৃঙ্খলা বাহিনী, ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে সভায় তিনি এসব কথা বলেন।
ইসি আবুল ফজল আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে দৃঢ়ভাবে কাজ করতে হবে। শুধু বল প্রয়োগ নয়, মধ্যপন্থা অবলম্বন করতে হবে। আমাদের পছন্দ-অপছন্দ ব্যক্তি নাগরিকের ভোট দেওয়ার মধ্যে সীমাবদ্ধ। আর কোথাও নয়।
তিনি বলেন, আমি যখন পেশাদারিত্ব নিয়ে কাজ করছি, শতভাগ দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমার কাছে কোনো ছোট দল বড় দল, হেভিওয়েট প্রার্থী, লাইট ওয়েট প্রার্থী নেই। সবাইকে সমানভাবে ট্রিট করতে হবে আইন প্রয়োগের ক্ষেত্রে।
তিনি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করে বলেন, ‘যদি কেউ তার পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পারেন, পক্ষপাতিত্ব করেছেন তা প্রমাণিত হয় তাহলে পরিণতি খুব খারাপ হবে। নির্বাচন কমিশন খুব কঠিন হবে এ ব্যাপারে।’
ইসি সানাউল্লাহ বলেন, প্রবাসীদের ভোটগ্রহণ প্রক্রিয়ায় কোনো ধরনের কারচুপির সুযোগ নেই। ভোট প্রদানের ক্ষেত্রে লাইভ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে এবং ব্যালটের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা দায়িত্ব পালন করবেন।
সভায় সভাপতিত্ব করেন রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমন। উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার ফারজানা ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।
- বিষয় :
- ইসি
- ইসি সানাউল্লাহ
