ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

ঝিনাইদহ-৪ আসন

ইশতেহারে সুশাসন ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় জোর ফিরোজের

ইশতেহারে সুশাসন ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় জোর ফিরোজের
×

স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্বাচনী ইশতেহার ঘোষণা। ছবি: সমকাল

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৬:৪৫

নির্বাচনী ইশতেহারে সুশাসন ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় জোর দিয়েছেন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কৃত এ নেতার প্রতীক কাপ-পিরিচ। আজ রোববার বেলা ১১টায় নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি ইশতেহার ঘোষণা করেন। 

সাইফুল ইসলাম ফিরোজ বলেন, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, দক্ষ শিক্ষক নিয়োগ ও শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রতিশ্রুতি দেন তিনি। 

এ ছাড়া স্বাস্থ্যসেবার ক্ষেত্রে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে চিকিৎসাসেবা জোরদার, পর্যাপ্ত চিকিৎসক ও ওষুধ সরবরাহ নিশ্চিত করাকে গুরুত্ব দিয়েছেন ফিরোজ। এলাকার একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকলকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করতেও কাজ করবেন তিনি।

সাইফুল ইসলাম ফিরোজ নিজেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের কর্মী হিসেবে উল্লেখ করে আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, সড়ক ও অবকাঠামো উন্নয়ন, নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নের বিষয়গুলো তাঁর কাছে গুরুত্বপূর্ণ। এ ছাড়া নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার ওপর জোর দেন তিনি।

সভায় সাইফুল ইসলাম ফিরোজ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, তাঁর সমর্থকদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কাছ থেকে সহযোগিতার পাচ্ছেন না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এ সময় সাবেক বিএনপি নেতা ডা. নুরুল ইসলাম, সহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×