ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

‘সব খারিজ হবে, তুই খালি বাবা টাকা পাঠাবি’, ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

‘সব খারিজ হবে, তুই খালি বাবা টাকা পাঠাবি’, ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
×

সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীন। ভিডিও থেকে নেওয়া

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:৫৭ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ | ২১:৫৩

‘এখানে যা আছে সব খারিজ হবে, কোনো কথা নাই। তুই খালি বাবা টাকা পাঠাবি।’ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার ঘুষ আদায়ের এমন কথোপকথনের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় অভিযুক্ত ভূমি কর্মকর্তাকে শোকজ করা হয়েছে।

এর আগে শনিবার নালিতাবাড়ী উপজেলার নয়াবিল-রামচন্দ্রকুড়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীনের ঘুষ আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই ঘটনায় গতকাল রোববার তাকে শোকজ করার বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান।

৪৮ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা যায়, ভূমি-সংক্রান্ত একটি কাজে সহযোগিতার আশ্বাস দিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৯ হাজার টাকা ঘুষ নিয়ে ব্যাগে রাখছেন সেলিনা পারভীন। ভিডিওতে ওই ব্যক্তিকে উদ্দেশ করে তাকে বলতে শোনা যায়, ‘এখানে যা আছে সব খারিজ হবে, কোনো কথা নাই। তুই খালি বাবা টাকা পাঠাবি।’

স্থানীয়দের অভিযোগ, ভূমি-সংক্রান্ত সেবা পেতে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ হয়রানি ও নানা অনিয়মের শিকার হচ্ছে। ঘুষ আদায়ের ভিডিও প্রকাশ পাওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

নয়াবিল গ্রামের এক ভুক্তভোগী পরিচয় গোপন রাখার শর্তে জানান, ২০ শতাংশ জমির নামজারি (খারিজ) করতে গেলে সহকারী ভূমি কর্মকর্তা তাঁর কাছে ৮ হাজার টাকা দাবি করেন। অথচ সরকারি ফি মাত্র ১ হাজার ৭০ টাকা। অতিরিক্ত টাকা চাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘শুধু সরকারি ফি দিয়ে কাজ হয় না, ওপরে দিতেও খরচ আছে।’ টাকা দিলে কাজ ‘সুন্দর করে’ করে দেওয়া হয় বলেও জানান তিনি।

অভিযোগের ব্যাপারে বক্তব্য জানতে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীনের মোবাইল নম্বরে কল দিয়ে যোগাযোগের চেষ্টা করলেও রিসিভি করেননি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমানের ভাষ্য, বিষয়টি তাদের নজরে এসেছে। রোববার সকালে তাঁকে শোকজ করা হয়েছে। একইসঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুন

×