ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ত্রিশালে অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন সেনাপ্রধানের

ত্রিশালে অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন সেনাপ্রধানের
×

অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপনার ফলক উন্মোচন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। ছবি-সমকাল

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬ | ০৪:৪৫

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গতকাল রোববার ময়মনসিংহ সফর করেছেন। সফরকালে তিনি ময়মনসিংহ সিটি করপোরেশন সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ ছাড়া এ দিন দুপুরে ত্রিশালে মঠবাড়ী ইউনিয়নের খাগাটিপাড়া গ্রামে আন্তর্জাতিক মানের অলিম্পিক কমপ্লেক্সেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। 

কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেনারেল ওয়াকার বলেন, ‘আমরা তরুণ প্রজন্মকে খেলাধুলায় যুক্ত করতে চাই। তাদের চরিত্র গঠনে তা ব্যাপক ভূমিকা রাখবে। আমি আমার জীবনে কখনও কোনো খেলোয়াড়কে খারাপ কাজে জড়িত হতে দেখিনি। আমি কোনোদিন দেখিনি, খেলাধুলার সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা খেলোয়াড় মাদকাসক্ত হয়েছে বা খারাপ কাজ করছে। এ জন্য আমি মনে করি, দেশের তরুণ প্রজন্মের চরিত্র গঠনের জন্য খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম ও পন্থা।’ 

অলিম্পিক কমপ্লেক্সের কাজ শুরু হয়েছে। শেষ হলে এটি একটা আন্তর্জাতিক ভেন্যুতে পরিণত হবে। তখন এ ভেন্যুতে এশিয়ান গেমসের মতো বড় বড় খেলা আয়োজন সম্ভব হবে বলেও উল্লেখ করেন সেনাপ্রধান।    

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুব ও ক্রীড়া সচিব মাহবুব-উল-আলম, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জোবায়েদুর রহমান, অলিম্পিক কমপ্লেক্সের প্রকল্প পরিচালক কর্নেল কুতুব উদ্দিন খান।
 

আরও পড়ুন

×