ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বললেন মাওলানা মামুনুল হক

ভোট দিয়ে বাড়িতে গিয়ে ঘুমাবেন না

ভোট দিয়ে বাড়িতে গিয়ে ঘুমাবেন না
×

মামুনুল হক

গোপালগঞ্জ ও ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:৫০

| প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের রাজনীতিতে আর সন্ত্রাসবাদ, গুন্ডামি চলবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মুহাম্মদ মামুনুল হক। তিনি বলেছেন, গুন্ডা, সন্ত্রাসী, মাস্তান দিয়ে ভোটকেন্দ্র দখল করে জনতার ব্যালটের রায় ছিনতাই করার দিন শেষ। 

গতকাল সোমবার দুপুর ২টার দিকে ফরিদপুরের ভাঙ্গা ঈদগাহ মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মামুনুল হক। তিনি ফরিদপুর-৪ আসনে খেলাফত মজলিস প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্যাকে ভোট দিয়ে বিজয়ী করার পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোট দেওয়ারও আহ্বান জানান।
জনসভায় আরও বক্তব্য দেন ফরিদপুর-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা, মাদারীপুর-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা সাইদ উদ্দিন আহমাদ হানজালা প্রমুখ।

এর আগে দুপুর ১২টায় গোপালগঞ্জ ৭ই মার্চ চত্বর রোডে পথসভায় বক্তব্য দেন মামুনুল হক। সেখানে তিনি বলেন, ভোট দেওয়ার পরে আপনারা বাড়ি গিয়ে ঘুমাবেন না। আপনাদের এই ভোটের ফসল সন্ধ্যা বেলায় যেন ঘরে তুলে আনতে পারেন, সেজন্য প্রতিটি ভোটকেন্দ্রে আপনাদের অবস্থান করতে হবে। জাল ভোট দেওয়ার একটা পাঁয়তারা করা হচ্ছে, তাদের প্রতিহত করতে হবে। এ সময় গোপালগঞ্জ-২ আসনে জোটের প্রার্থী মুফতি শুয়াইব ইবরাহীমকে রিকশা প্রতীকে ভোট দিয়ে সংসদে পাঠানোর আহ্বান জানান মামুনুল হক।  
পথসভায় গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক রেজাউল করিম, জামায়াতে ইসলামী নেতা মাসুদুর রহমান, মাওলানা আব্দুল আজিজসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। 
মামুনুল হক সন্ধ্যায় মাদারীপুর-২ (রাজের-মাদারীপুর) আসনের প্রার্থী মুফতি আব্দুস সোবহানের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। মাদারীপুর শকুনি লেকেরপাড় মুক্তমঞ্চে আয়োজিত এ সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াত নেতা ড. খলিলুর রহমান মাদানী, মাওলানা আবদুস সোবহান খান, এনসিপি নেতা শাকিল আহমেদ, মাদারীপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ। 

আরও পড়ুন

×