ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
ঝালকাঠিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে বাফলা চ্যারিটি। ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১৬:০২
ঝালকাঠিতে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাফলা চ্যারিটি। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সামাজিক সংগঠন বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলেসের অর্থায়নে পরিচালিত এই সংগঠনের উদ্যোগে সদর উপজেলায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার বিকেলে ঝালকাঠি সদর উপজেলার বেরমহল হাচান মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম। মু. মুহাইমিন লস্কর আশিকের সঞ্চালনায় আয়োজনে বিশেষ অতিথির বক্তৃতা করেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. আককাস সিকদার ও শিক্ষক আবদুল হালিম লস্কর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক লস্কর।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে গ্রামাঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষের জীবনযাত্রা অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। এ সময় সমাজের সচেতন ও সামর্থ্যবান মানুষদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সহায়তা শীতার্ত মানুষের জন্য বড় ভরসা হয়ে ওঠে। প্রবাসীদের অর্থায়নে পরিচালিত বাফলা চ্যারিটির এই উদ্যোগ বেরমহল এলাকার দরিদ্র জনগোষ্ঠীর কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বক্তারা আরও বলেন, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রাখা প্রয়োজন। এতে সমাজে সহমর্মিতা ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় হবে।
অনুষ্ঠানে তিন শতাধিক নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
শীতবস্ত্র বিতরণে সার্বিক সহযোগিতা করেছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের লিটল বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সময় টিভির যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি লস্কর আল মামুন।
- বিষয় :
- শীতবস্ত্র বিতরণ
