ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

জামায়াত প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোয় মুয়াজ্জিনকে অব্যাহতির অভিযোগ

জামায়াত প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোয় মুয়াজ্জিনকে অব্যাহতির অভিযোগ
×

ফাইল ছবি

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:৩১

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোয় উল্লাপাড়ার ভট্টকাওয়াক কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন মো. ইব্রাহিম সরকারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। 

তবে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বলছেন তাকে চাকরিচ্যুত করা হয়নি। তিনি জামায়াতের প্রচারণা অব্যাহত রাখার কথা বলে নিজেই চাকরি ছেড়েছেন।

স্থানীয়রা জানায়, সোমবার রাতে ইব্রাহিম মসজিদের পাওনা অর্থ পরিশোধ করে মসজিদ কমিটির কাছে চাবি হস্তান্তর করেছেন। 

ভুক্তভোগী ইব্রাহিম সরকার অভিযোগ করে বলেন, আমি জামায়াতের রাজনীতিকে সমর্থন করি। এই কারণে গত ৩১ জানুয়ারি সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খানের পথসভায় বক্তব্য দিয়েছি এবং প্রচারণা চালিয়েছি। এ কারণে মসজিদ কমিটির নেতৃবৃন্দ আমাকে ডেকে সতর্ক করে বলে- মসজিদে চাকরিরত অবস্থায় কোন রাজনৈতিক দলের পক্ষে প্রকাশ্যে প্রচারণা করা যাবে না। তাছাড়া আমি জামায়াত না ছাড়লে এখানে রাখা সম্ভব হবে নাে এবং চাকরি ছেড়ে চলে যাওয়ার কথাও বলেন। 

তিনি বলেন, তারা দ্রুত মসজিদের পাওনা টাকা ও চাবি দ্রুত হস্তান্তর করার নির্দেশ দেন। এ অবস্থায় নিরুপায় হয়ে আমি মসজিদ কমিটির সম্পাদকের কাছে মসজিদের পাওনা ৫ হাজার ৭০০ টাকা ও চাবি হস্তান্তর করে মসজিদ ত্যাগ করি।

বর্তমান এই মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বিএনপির সামর্থক হওয়ায় তাকে চাকরিচ্যুত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে ভট্টকাওয়াক কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম অরুন খানের সঙ্গে যোগযোগ করলে তিনি মুয়াজ্জিনের অভিযোগ সত্য নয় বলে জানান। তিনি বলেন, এই মসজিদটি গ্রামের মানুষের দানে পরিচালিত হয়। মুয়াজ্জিন ইব্রাহিম সরকার জামায়াতের একজন সক্রিয় কর্মী। তিনি প্রকাশ্যে জামায়াত প্রার্থীর পক্ষে মাইকে রাস্তায় প্রচারণা করায় গ্রামের বিএনপি সমর্থিত লোকজন ইব্রাহিম সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন। বিষয়টি ইব্রাহিম সরকারকে জানালে তিনি তার দল ছাড়বেন না বলে ঘোষণা দেন এবং মসজিদের পাওনা অর্থ পরিশোধ করে চাবি জমা দিয়ে চলে যান।

আরও পড়ুন

×