ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সাংবাদিক শিমুল হত্যা

‘প্রশাসনিক নিষ্ক্রিয়তায় বিচার শেষ হচ্ছে না’

‘প্রশাসনিক নিষ্ক্রিয়তায় বিচার শেষ হচ্ছে না’
×

দোয়া মাহফিল। ছবি: সমকাল

সিরাজগঞ্জ ও শাহজাদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:৫৫ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১৮:০৯

দৈনিক সমকালের সিরাজগঞ্জের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যার বিচার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে স্থবির করে রাখা হয়েছে। আসামিপক্ষের কূটকৌশল ও প্রশাসনিক নিষ্ক্রিয়তায় এ হত্যাকাণ্ডের বিচার শেষ হচ্ছে না বলে অভিযোগ করেছেন তার সহকর্মীরা।

আজ মঙ্গলবার সকালে শাহজাদপুর প্রেস ক্লাবে সাংবাদিক শিমুল হত্যাকাণ্ডের নবম বছর উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তারা এ অভিযোগ করেন। ‘বিচারিক কার্যক্রম’ অবিলম্বে চালু করে তা শেষ করার দাবি জানান তার সহকর্মীরা।

এসময় কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও দোয়া অনুষ্ঠিত হয়। পাঠানপাড়া জামে মসজিদের খতিব হাফেজ দোয়া পরিচালনা করেন। শিমুলের গ্রামের বাড়ি মাদলাতেও পৃথকভাবে দোয়া অনুষ্ঠিত হয়।

শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি আবু জাফর লিটনের সভাপতিত্বে এবং রাসেল সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিমল কুমার কুন্ডু, আতাউর রহমান পিন্টু, আবুল কাশেম ও কোরবান আলী লাভলু। 

সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক হুমায়ুন পারভেজ সাব্বির, শামসুর রহমান শিশির, মির্জা হুমায়ুন, আমিনুল ইসলাম বাবু, জাহিদ হাসান মোল্লা, মাসুদ মোশারফ, জাকারিয়া মাহমুদ, জাহিদ হোসেন, নিজাম উদ্দিন, কিবরিয়া খান সজল, আরিফুল ইসলাম এবং শিমুলের খালাতো ভাই আজাদ।

২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তৎকালীন পৌর মেয়র হকের ছোড়া গুলিতে আহত হন আব্দুল হাকিম শিমুল। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় শিমুলের স্ত্রী বেগম নুরুন্নাহার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর প্রায় নয় বছর পার হলেও মামলার বিচারিক কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি হয়নি।

আরও পড়ুন

×