আপিল বিভাগের আদেশ
বিএনপির প্রার্থী জয়ী হলেও গেজেট প্রকাশ হবে না
সরোয়ার আলমগীর
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ২২:০৯
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর নির্বাচনে জয় পেলেও ফলের গেজেট প্রকাশে স্থগিতাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গত মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে মামলার চূড়ান্ত আপিল শুনানির দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ এপ্রিল।
এ আদেশের ফলে চূড়ান্ত আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম-২ আসনের নির্বাচনী ফল গেজেট আকারে প্রকাশ করা যাবে না। এ রায়ের ফলে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের নির্বাচনে অংশ নিতে বাধা না থাকলেও তিনি দুশ্চিন্তামুক্ত হতে পারছেন না।
আপিল বিভাগের আদেশে বলা হয়েছে, সরোয়ার আলমগীর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে অংশ নিতে পারবেন। তিনি যদি নির্বাচনে জয়লাভও করেন, তবুও ফলের গেজেট প্রকাশ করা যাবে না। সংশ্লিষ্ট আপিল মামলা (সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং-৪৪০/২০২৬) চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। অর্থাৎ, জিতলেও তাঁকে এমপি হিসেবে শপথ নিতে অন্তত এপ্রিলের শেষ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
এর আগে আর্থিক প্রতিষ্ঠান প্রিমিয়ার লিজিংয়ের একটি ঋণের জেরে নির্বাচন কমিশন সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করেছিল। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থিতা পুনর্বহালের আবেদন জানিয়ে গত ১৯ জানুয়ারি তিনি হাইকোর্টে একটি রিট পিটিশন করেন। ২০ জানুয়ারি বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের বেঞ্চে রিটটির শুনানি শুরু হয়।
পরবর্তী সময়ে মামলাটি নতুন বেঞ্চে স্থানান্তর করা হয়। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হোসেনের বেঞ্চে ২৫ জানুয়ারি শুনানির দিন ধার্য হয়। ওইদিন জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ নুরুল আমিনের আইনজীবীরা যমুনা ব্যাংকের একটি ঋণসংক্রান্ত বিষয় চেম্বার জজ আদালতে বিচারাধীন রয়েছে মর্মে দাবি করলে আদালত বিষয়টি নিষ্পত্তি করে আসার নির্দেশ দেন।
পরে ২৭ জানুয়ারি রিটটির চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা পুনর্বহাল এবং তাঁকে নির্বাচনী প্রতীক বরাদ্দ দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন। এ রায়ের বিরুদ্ধে জামায়াতের প্রার্থীর আইনজীবীরা চেম্বার জজ আদালতে একটি সিভিল মিস পিটিশন দায়ের করেন। এর ধারাবাহিকতায় আপিল বিভাগ বিষয়টি শুনানির জন্য গ্রহণ করে গত মঙ্গলবার নির্বাচনী ফলের গেজেট প্রকাশে স্থগিতাদেশ দেন।
সরোয়ার আলমগীরের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট ফয়সল মাহমুদ ফয়জী, ব্যারিস্টার আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মামুন মাহবুব হোসেন। এ বিষয়ে অ্যাডভোকেট ফয়সল মাহমুদ ফয়জী বলেন, আপিল বিভাগ এরকম একটি আদেশ দিয়েছেন যে, বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর নির্বাচনে জয় পেলে তাঁকে জয়ী ঘোষণা করা হবে কিন্তু গেজেট প্রকাশ হবে না। তবে তিনি যদি জয়ী হন, তখন আমরা জনগণের পক্ষ থেকে তাঁকে এমপি হিসেবে গেজেট প্রকাশে আদালতে আবেদন জানাব।
জামায়াতে ইসলামীর প্রার্থীর আইনজীবী ও নির্বাচনী প্রধান এজেন্ট মো. ইসমাইল গণি বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আমাদের আপিল গ্রহণ করে সর্বোচ্চ আদালত নির্বাচনী ফলের গেজেট প্রকাশ স্থগিত করেছেন।
