‘ক্ষমতায় গেলে দল নয়, যোগ্যতা দেখে চাকরি দেওয়া হবে’
লালপুর উপজেলার ওয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দেন বিএনপি প্রার্থী ফারজানা শারমিন পুতুল। ছবি: সমকাল
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:৩১ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:২৫
| প্রিন্ট সংস্করণ
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, ১৭ বছর দেশের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার তারা ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দেশে আবার গণতন্ত্রের যাত্রা শুরু করবে। জনগণ মূল্যবান ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে। এভাবে দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হবে।
মঙ্গলবার সন্ধ্যায় লালপুর উপজেলার ওয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ফারজানা শারমিন এসব কথা বলেন।
ফারজানা শারমিন পুতুল বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ চায়, যেখানে হিন্দু-মুসলিম ভেদাভেদ থাকবে না। সংখ্যালঘু বলে কোনো শব্দ থাকবে না। প্রত্যেকের পরিচয় হবে বাংলাদেশি হিসেবে। সরকার গঠন করতে পারলে বিএনপি জনগণের জন্য যত ধরনের অধিকার, তার সবটাই নিশ্চিত করবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো দল বা আদর্শ দেখে চাকরি দেওয়া হবে না। প্রতিটি পরিবারের ছেলেমেয়েরা যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে।
পুতুল আরও বলেন, লালপুর-বাগাতিপাড়ায় ধানের শীষের জোয়ার ঠেকানোর জন্য একটি পক্ষ উঠে-পড়ে লেগেছে। দুঃখের বিষয়, এক সময় তারা ধানের শীষের ছায়াতলে ছিলেন। দলের সঙ্গে যারা বেইমানি করছে, আয়নার সামনে দাঁড়িয়ে তারা নিজের বিবেককে উত্তর দিতে পারবেন না।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনর রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, ওয়ালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য প্রভাষক জয়নাল আবেদীন প্রমুখ।
- বিষয় :
- নাটোর-১
- সংসদ নির্বাচন ২০২৬
- বিএনপি
