নন্দীগ্রাম পৌরসভা থেকে ‘হ্যাঁ’ ভোটের প্রচার চালানোর অভিযোগ
ছবি: সমকাল
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১৮:৫৫
নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা সত্ত্বেও বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার পক্ষ থেকে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানোর অভিযোগ উঠেছে। পৌর প্রশাসক ও সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিসে এ ধরনের ব্যানার দেখে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানা গেছে, ২৯ জানুয়ারি ইসি মন্ত্রিপরিষদ বিভাগকে লিখিত নির্দেশ দেয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গণভোট বিষয়ে জনগণকে সচেতন করতে পারলেও কোনোভাবে ‘হ্যাঁ বা ‘না’ ভোটের পক্ষে প্রচার চালাতে পারবেন না। নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনার পর নন্দীগ্রামে অনেক সরকারি অফিসের সামনে থেকে ব্যানার সরানো হয়। তবে পৌরসভার পক্ষে বিভিন্ন জনবহুল এলাকায় ও পৌর ভবনে ব্যানার টাঙানো দেখা যাচ্ছে।
নন্দীগ্রাম পৌর নির্বাহী কর্মকর্তা শাহিন মাহমুদ বলেন, চিকিৎসার জন্য ঢাকায় আছি। ব্যানারগুলো খোলার জন্য ফোন করে বলে দেওয়া হবে।
পৌর প্রশাসক, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সঙ্গে যোগাযোগের জন্য তাঁর মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও সাড়া মেলেনি।
এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গণভোট বিষয়ে জনগণকে সচেতন করতে পারবেন। তবে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে প্রচার চালাতে পারবেন না। নন্দীগ্রামের বিষয়টি আমার জানা নেই। দেখে ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- নন্দীগ্রাম
- ভোট
- প্রচারণা
